সেতার, সরোদ বাজানো শিখবেন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখার যে কোনো বয়স নেই তা আবারও প্রমাণ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। পাকস্থলীর অস্ত্রোপচারের পর কাজ থেকে ছুটি নিয়ে এখন পূর্ণ বিশ্রামে আছেন অমিতাভ। কিন্তু কাজপাগল এই মানুষটি কী আর শুধু শুধু বসে থাকতে পারেন! দিন কয়েক ধরে সংগীত পরিচালনার কাজে ব্যস্ত রাখছেন নিজেকে। নিজে নিজেই শিখছেন সংগীত পরিচালনার নানা খুঁটিনাটি দিক। এবার সেতার ও সরোদ বাজানো শিখবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন ৬৯ বছর বয়সী এই বলিউডের তারকা। সংগীতের সঙ্গে অমিতাভের সখ্য নতুন কোনো বিষয় নয়। এখন পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সর্বশেষ ‘কাহানি’ ছবির জন্য কণ্ঠে তুলে নিয়েছেন রবীন্দ্রসংগীত ‘একলা চলরে’। ভরাট কণ্ঠে সম্পূর্ণ বাংলায় গানটি গেয়ে সবাইকে অবাকই করেছেন। এক খবরে আইএএনএস জানিয়েছে, গায়ক হিসেবে নিজেকে প্রমাণের পর এবার সেতার ও সরোদ বাজানো শিখবেন অমিতাভ। এ প্রসঙ্গে নিজের ব্লগে তিনি লিখেছেন, ‘শিগগিরই সেতার ও সরোদ বাজানো শিখব। আশা করছি, বাদ্যযন্ত্রগুলো বাজিয়ে সুর সৃষ্টির খেলায় মেতে ওঠার আনন্দ নিতে পারব আমি।’ অমিতাভ আরও লিখেছেন, ‘সেতার, সরোদ, পিয়ানোকে ঘিরে আমি—দৃশ্যটি হয়তো খুব বেশি সুখকর নয়। আমি নিশ্চিত নই, কতটা দক্ষতার সঙ্গে বাদ্যযন্ত্রগুলো বাজানো শিখতে পারব। খুব ভালো শিখতে না পারলেও ক্ষতি নেই। সে ক্ষেত্রে বাদ্যযন্ত্রগুলো হাতে নিয়ে বসে থাকব এবং ভান করব আমি অনেক বড় বাদ্যযন্ত্রী হয়ে গেছি। এইটুকু প্রাপ্তিই আমার কাছে যথেষ্ট।’