সেতারের সূর্য অস্তমিত
বিশ্ববিশ্রুত সেতারবাদক এবং ভারতীয় উচ্চাঙ্গসংগীতের এ যুগের পুরোধা ব্যক্তিত্ব পণ্ডিত রবিশঙ্কর আর নেই। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগে তাঁর হূদ্যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল।রবিশঙ্করের বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর মৃত্যুতে উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের একটি যুগের সমাপ্তি ঘটল। এএফপি, টেলিগ্রাফ ও টাইমস অব ইন্ডিয়া।বেঁচে থাকতেই কিংবদন্তিতে পরিণত এই সুরসাধক তাঁর সুরের জাদুতে কয়েক প্রজন্মের মানুষকে মুগ্ধ করে রেখেছিলেন। প্রাচ্য ও পাশ্চাত্যের সংগীতের মধ্যে গড়ে তুলেছিলেন সেতুবন্ধ। রবিশঙ্কর ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের নিপীড়িত মানুষের প্রতি বাড়িয়ে দিয়েছিলেন সহমর্মিতার হাত। জর্জ হ্যারিসনকে সঙ্গে নিয়ে নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করেছিলেন সাড়া জাগানো ‘কনসার্ট ফর বাংলাদেশ’।ভারতীয় বাদ্যযন্ত্র সেতারকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলা এই শিল্পী নিঃশ্বাসের জটিলতার কারণে গত বৃহস্পতিবার স্যান ডিয়েগোর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই এ কয়দিন তাঁর চিকিৎসা চলে। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হূৎপিণ্ডেরএকটি ভালভ প্রতিস্থাপন করা হয়।রবিশঙ্কর ১৯২০ সালে অবিভক্ত ভারতের বেনারসে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। আসল নাম রবীন্দ্র শঙ্কর চৌধুরী হলেও সারা বিশ্বে তিনি রবিশঙ্কর নামেই পরিচিত। যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের সুপরিচিত গায়িকা ও গীতিকার নোরা জোনস এবং কৃতী সেতারবাদক আনুশকা শঙ্কর তাঁর দুই সুযোগ্য সন্তান।বিশ শতকের অন্যতম সেরা বেহালাবাদক ইয়েহুদি মেনুহিন রবিশঙ্করকে তুলনা করেছেন অমর সুরস্রষ্টা মোৎসার্টের সঙ্গে। যুক্তরাজ্যের একসময়ের তুমুল জনপ্রিয় ব্যান্ড বিটলসের জর্জ হ্যারিসনকে তিনি সেতার বাজানো শিখিয়েছিলেন। হ্যারিসনের সঙ্গে খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল তাঁর।রবিশঙ্করের মৃত্যুতে তাঁর শোকগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে স্ত্রী সুকন্যা ও ছোট মেয়ে আনুশকা তাঁকে উল্লেখ করেছেন ‘স্বামী, পিতা ও সংগীতের প্রাণ’ বলে। তাঁরা জানিয়েছেন, গত কয়েক বছরে শিল্পীর শরীর ভেঙে পড়েছিল। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তাঁর শরীর অস্ত্রোপচারের ধকল সইতে পারেনি।জীবদ্দশায় বহু সম্মানে ভূষিত হয়েছেন এই মহান শিল্পী। ভারতের তিনটি সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ (১৯৬৭), পদ্মবিভূষণ (১৯৮১) ও ‘ভারতরত্ন’ (১৯৯৯) দেওয়া হয় তাঁকে। তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেছেন। একটি পেয়েছিলেন ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর জন্য। একবার অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।রবিশঙ্করের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, তাঁর মৃত্যুতে একটা যুগের অবসান হলো।তিনি ছিলেন ভারতের সাংস্কৃতিক উত্তরাধিকারের বিশ্বদূত ও জাতীয় সম্পদ। গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সংগীত পরিচালক এ আর রহমান বলেছেন, ভারত তার উচ্চাঙ্গসংগীতের প্রধান দূতটিকে হারাল।শোক প্রকাশ: পণ্ডিত রবিশঙ্করের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক শোকবাণীতে বলেন, উপমহাদেশের সংগীতকে বিশ্ব অঙ্গনে জনপ্রিয় করতে তাঁর ভূমিকা ছিল অগ্রণী। তাঁর মৃত্যুতে সংগীতজগতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা অপূরণীয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রবিশঙ্করের অবদান, বিশেষ করে বাংলাদেশের শরণার্থীদের সাহায্যার্থে জর্জ হ্যারিসনকে সঙ্গে নিয়ে কনসার্ট আয়োজনের কথা স্মরণ করেন। তিনি বলেন, তাঁর মৃত্যুতে বিশ্ব একজন সুপরিচিত সমকালীন সংগীতজ্ঞ এবং বাংলাদেশ একজন ঘনিষ্ঠ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে হারাল।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, যে কয়েকজন সংগীতগুরুর সাধনায় উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীত সারা বিশ্বে সমাদৃত হয়েছে, রবিশঙ্কর তাঁদের অন্যতম। তাঁর মৃত্যুতে এক বিরাট শূন্যতা তৈরি হলো।রবিশঙ্করের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন স্পিকার আবদুল হামিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, গণফোরামের সভাপতি ড. কামাল প্রমুখ।