সেতু ঘেঁষে বালুর ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ডেমরা ঘাটে সুলতানা কামাল সেতু ঘেঁষে এবং সড়কের পাশে চলছে বালুর রমরমা ব্যবসা। বিভিন্ন স্থান থেকে বলগেটে (বালুবাহী নৌযান) করে বালু এনে রাখা হয় এসব স্থানে, বিক্রিও হয় এখান থেকে। বালু রাখায় সেতুর পূর্ব প্রান্তের কয়েকটি স্তম্ভ (পিলার) পর্যন্ত নদীর অংশ ভরাট হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে একসময় মূল নদীর কিছু অংশও ভরাট হয়ে যাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ জুন বালু ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে নির্মিত সুলতানা কামাল সেতু উদ্বোধন করেন। এক হাজার ৭২ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রস্থের এই সেতু নির্মাণে ব্যয় হয় ৭৯ কোটি ৮৮ লাখ টাকা।সম্প্রতি ডেমরা ঘাটে গিয়ে দেখা যায়, সুলতানা কামাল সেতুর পূর্ব প্রান্ত থেকে কয়েকটি স্তম্ভ পর্যন্ত বালু রাখা। কয়েকটি ট্রাকে বালু তোলা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, স্তম্ভঘেঁষা এসব বালু ব্যবসায়ীদের। তাঁরা বলগেটে করে সেখানে বালু এনে রাখেন এবং বিক্রি করেন। বিক্রি করা বালু ট্রাকযোগে নিয়ে যাওয়া হয়। দিনের মতো রাতেও এখানে চলে বালু আনা ও বিক্রি। এতে সেতুর পাশের কিছু জায়গা ভরাট হয়ে গেছে। নদীর কিছু অংশে চরও পড়েছে।জানা যায়, ট্রাকে বালু তোলার জন্য বেসরকারি পে-লোডারও ব্যবহার করা হয়। বালু নামানোর সময় কিছু বালু নদীতেও পড়ে। তবে বেশির ভাগ বালু রাখা হয় আহম্মেদ বাওয়ানী জুট মিলের বিপরীত দিকে সড়কের পাশে। পুরো এলাকায় বালু বিক্রির জন্য কয়েকটি গদিও রয়েছে।বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগসহ ঢাকার চারপাশের নদী ভরাট, স্থাপনা তৈরি এবং নদীর তীরে বা অংশে ইট, বালু, পাথর, বাঁশ প্রভৃতির ব্যবসার ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে ও খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক যুগ আগে ডেমরা ঘাট এলাকায় বালুর ব্যবসা শুরু হয়। বর্তমানে এখানে বালুর ব্যবসা করছেন জসিম উদ্দিন, তোতা, মোমিন, আওয়াল, সালাউদ্দিন, লোকমান হোসেন, আকবর আলী, শাহ আলমসহ কয়েকজন। তাঁদের মধ্যে দু-তিনজন শুরু থেকেই এই ব্যবসা করছেন।বালু ব্যবসায়ীদের মধ্যে জসিম উদ্দিন বলেন, এখানে তাঁরা বৈধভাবে বালুর ব্যবসা করছেন। তাঁদের ব্যবসার কারণে নদীর ক্ষতি হচ্ছে না।এ বিষয়ে গতকাল রোববার বিকেলে যোগাযোগ করা হলে স্থানীয় (ঢাকা-৫) সাংসদ হাবিবুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, এলাকার ৪০-৪৫ জন ছেলে এখানে বালুর ব্যবসার সঙ্গে জড়িত বলে তিনি শুনেছেন। তবে তাঁরা নদীর জায়গায় ব্যবসা করছেন না, করছেন অনেক দূরে রাস্তার পাশে। তিনি বলেন, বালুর ব্যবসা নিয়ে অনিয়ম করলে বা নদীর ক্ষতি করলে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন।জানা যায়, বিগত চারদলীয় জোট সরকারের আমল থেকে ডেমরা ঘাট এলাকায় ইট-বালুর ব্যবসা চলছে। এসব নিয়ন্ত্রণ করতেন স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের লোকজন। ওই সময় সেখানে বালুর ব্যবসা করতে দেওয়ার বিনিময়ে এককালীন সাত লাখ টাকা নিয়েছিলেন বিএনপির স্থানীয় এক নেতা। এর পরেও দফায় দফায় টাকা নেওয়া হয়।বিএনপির ডেমরা এলাকার এক নেতা প্রথম আলোকে বলেন, চারদলীয় জোট সরকারের সময় রবিউল্লাহ, হাশেম, নুরু, বারেকসহ কয়েকজন স্থানীয় লোক এখানে বালুর ব্যবসা করতেন।নাব্যতার জন্য খনন হয়নি: ডেমরা এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল ফজল (৬০) দুঃখ করে বলেন, গত কয়েক বছর এই নদীতে খননকাজ হতে দেখেননি তাঁরা। অথচ নদী ভরাট করে দখলযজ্ঞ চলেছে। তাঁরা আশা করেছিলেন, সেতু চালু হলে নদীর জায়গায় যেকোনো ধরনের ব্যবসা বন্ধ হবে। কিন্তু হয়নি।এলাকার আরও কয়েকজন বাসিন্দা বলেন, বালুর ব্যবসা এখনই বন্ধ না করলে ভবিষ্যতে এখানে বালুর পাশাপাশি ইট, পাথর, জ্বালানি তেলের ব্যবসাও শুরু হতে পারে।ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন চলতি (জানুয়ারি) মাস থেকে নদী ও খালের বিষয়ে জরিপকাজ করছে। সুলতানা কামাল সেতু এলাকায়ও প্রশাসন খোঁজ নেবে। নদীর জায়গা ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই অভিযান চালানো হবে।