সেতু থেকে তুরাগ নদে বাস, দুই শ্রমিক নিহত
ঢাকার আশুলিয়ায় আজ বুধবার সকালে পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাস সেতু থেকে তুরাগ নদে পড়ে যায়। এতে দুই শ্রমিক নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। নিহত শ্রমিকদের একজন সাইদুর রহমান (২৮)। অপরজন নারীশ্রমিক। তাঁর পরিচয় জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে সিটি আইএল নামের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস মিরপুর থেকে আশুলিয়ার খেজুরবাগের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে তুরাগ নদের ওপর একটি সেতুতে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাস একে ধাক্কা দেয়। এতে বাসটি প্রায় ৭০ ফুট নিচে পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন সাইদুরের লাশ ও আহতদের উদ্ধার করে। আহতদের সাভারের এনাম মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় ওই নারীশ্রমিক মারা যান।খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে পানি থেকে বাসটি টেনে তোলে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। ভেতরে আর কোনো লাশ পাওয়া যায়নি।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।