যোগেন্দ্রনগর গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী মাইসা ও সজীব প্রতিদিন ভোরে স্কুলের ব্যাগ নিয়ে বের হয়। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি নদী পার হতে হয় তাদের। সেখানে খেয়া পার হতে প্রায় এক ঘণ্টা লেগে যায়। সপ্তাহের শনি ও মঙ্গলবার হলে ভোগান্তির যেন শেষ থাকে না।এলাকার প্রায় ৩০ হাজার মানুষকে প্রতিদিন একই সমস্যা পোহাতে হয়। নাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর ত্রিমোহনা ঘাটের আত্রাই নদীতে একটি সেতুর দাবি দীর্ঘদিনের। এলাকাবাসী, এলাকার সাংসদ, উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার আবেদন-নিবেদন করলেও দাবিটি উপেক্ষিত হচ্ছে বছরের পর বছর। এতে ওই এলাকার যোগাযোগ ও আর্থসামাজিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আইনশৃঙ্খলার কাজে পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি যেতে কয়েক ঘণ্টা লেগে যায়।যোগেন্দ্রনগর গ্রামের কলেজপড়ুয়া ছাত্র জুয়েল জানান, আত্রাই নদীর এ পয়েন্টে কোনো সেতু না থাকায় নদীসংলগ্ন জ্ঞানদানগর, যোগেন্দ্রনগর, তেলকুপি গ্রামগুলোর আর্থসামাজিক অবস্থা ও যোগাযোগব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি।নদীর পূর্ব পারের জ্ঞানদানগর, তেলকুপি, হরদমা ও বিলহরিবাড়ী গ্রামের মানুষের চলাচলের জন্য একটি আধাপাকা সড়ক থাকলেও নদীতে সেতু না থাকায় সড়কটি পাকা হয়নি। থেমে আছে উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগব্যবস্থা। একই সঙ্গে ওই গ্রামগুলোর ছাত্রছাত্রীদের স্কুল-কলেজে যাতায়াতসহ কৃষকদের উত্পাদিত পণ্য শহরের হাটে আনতে চরম ভোগান্তি পোহাতে হয়।জ্ঞানদানগর গ্রামের মশিউর রহমান জানান, বর্ষাকালে খেয়া নৌকায় নদী পার হয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের স্কুলে পাঠিয়ে ভয়ে থাকতে হয়। অনেক সময় স্কুলে যেতেও তারা ভয় পায়। এখানে একটি সেতু হলে ছাত্রছাত্রীসহ এলাকাবাসীর উন্নয়ন হবে। এলাকার গ্রাম্য চিকিত্সক আবদুল মান্নান জানান, আত্রাই নদীর এ পয়েন্টে একটা সেতু হলে এলাকার প্রায় ৩০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে।স্থানীয় সাংসদ অধ্যাপক আবদুল কুদ্দুস বলেন, ‘এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১২০ মিটার দীর্ঘ একটি বেইলি সেতুর প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি জুলাই মাসের মধ্যে দরপত্র আহ্বান করা হবে।’