সেতু না থাকায় ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর ওপর সেতু না থাকায় তিনটি ইউনিয়নের ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বিভিন্ন সময় এলাকার জনপ্রতিনিধিরা সেতু তৈরির আশ্বাস দিলেও এর বাস্তবায়ন হয়নি।উপজেলার পাঙ্গাসী, ঘুড়কা ও ধানগড়া ইউনিয়নের তেঘুরি, মিত্রতেঘুরি, বেগনাই, জয়ানপুর, আটঘড়িয়া, বৈকুণ্ঠপুর, ঘুড়কাসহ ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ জয়ানপুর খেয়াঘাটের বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হয়। এলাকার এসব মানুষ দুর্ভোগ সহ্য করে দাপ্তরিক বিভিন্ন কাজ পড়ালেখা ও হাট-বাজারের জন্য এ নদী পার হয়ে উপজেলা সদরে যাতায়াত করে। বছরের অন্য সময় এ রকম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করা গেলেও বর্ষায় সাঁকোটি ডুবে যাওয়ায় ভরসা করতে হয় নৌকার ওপর। তখন নদী পার হতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে। ফলে সময়মতো কোনো কাজ করা যায় না বলে এলাকাবাসী জানান। এলাকার সোলায়মান আলী বলেন, শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পার হওয়া গেলেও বর্ষার সময় নদী পার হতে জীবন বেরিয়ে যায়। একবার নৌকা মিস করলে এক ঘণ্টা বসে থাকতে হয়।ঘুড়কা বাজারের ব্যবসায়ী এরশাদ আলী বলেন, ‘বাড়ি এপারে, ব্যবসা করি ওপারে। এই সময়ে তবু পার হওয়া যায়। কিন্তু বানের সময় নদী পার হইতে বহুত ঝামেলায় পড়ি। জয়ানপুর গ্রামের আবু হানিফ সেখ বলেন, ভোট আইলে নেতারা আইসা বিরিজ দেওনের কথা কয়। কিন্তু ভোট গেলে আর খবর নেয় না।’ একই গ্রামের লেবু শেখ বলেন, ‘প্রতিবার পার হইতে দুই টাকা লাগে। বিরিজখান হইলে সময়ও বাঁচত, টেহাও বাঁচত।’ঘুড়কা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান বলেন, বিগত বিএনপি সরকারের আমলে তখনকার এমপি এইখানে ব্রিজ তৈরি করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু এইখানে ব্রিজ হয় নাই। গত নির্বাচনেও দুই প্রার্থীই অঙ্গীকার করেছেন আমাদের এখানে ব্রিজ তৈরি করে দিবেন। নির্বাচনে জেতার পরে স্থানীয় সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদারের কাছে আমরা বিষয়টি তুলে ধরেছি।’ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার বলেন, জয়ানপুরে ফুলজোড় নদীর ওপর ব্রিজ হলে দুই পারের মানুষের ভাগ্য খুলে যাবে। জানা যায়, প্রতিবছর উপজেলা পরিষদ থেকে খেয়া পারাপারের জন্য ঘাটটি ইজারা দেওয়া হয়। গত বছর দুই লাখ ৫০ হাজার টাকায় ঘাটটি ইজারা নিয়েছেন জয়ানপুর গ্রামের ঈমান আলী। তিনি জানান, সারা দিন ৩০০-৪০০ টাকা নগদ ওঠে আর প্রতি খন্দে ৩০০ মণ ধান ওঠে।একটি উন্নয়ন সংস্থার কর্মী কামরুল হাসান বলেন, উপজেলা সদর থেকে ঘুড়কা যেতে এই সড়কে দূরত্ব হয় মাত্র চার কিলোমিটার। অথচ হাইওয়ে দিয়ে যেতে ঘুরতে হয় প্রায় ১৫ কিলোমিটার। সময় বাঁচাতে শুকনো মৌসুমে এখান দিয়ে চলাচল করলেও বর্ষা মৌসুমে নদী পার হওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। জয়ানপুরে ফুলজোড় নদীর ওপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের।এ ব্যাপারে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার বলেন, ‘বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করেছি।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।