সেতু না হওয়ায় দুর্ভোগ
নীলফামারী সদরের চাপড়া সরমজামী ইউনিয়নের লতিফ চাপড়া গ্রামে যমুনেশ্বরী নদীর ওপর পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটটি ’৮৮ সালের বন্যায় বিধ্বস্ত হওয়ার পর সেখানে সেতু না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ১০ সহস্রাধিক পথচারীকে।এলাকাবাসী জানান, জলঢাকা উপজেলা থেকে সৈয়দপুর উপজেলা শহরের দূরত্ব অনেক কম। তাই সাধারণ পথচারীদের পাশাপাশি কাঁচামালের ব্যবসায়ীসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা ভ্যান, রিকশা ও বাইসাইকেলে করে মালামাল নিয়ে কচুকাটা ট্যাঙ্গনমারী পঞ্চপুকুর, ঢেলাপীরসহ বিভিন্ন হাটবাজারে মালামাল বেচাকেনা করেন। কিন্তু সেখানে স্লুইস গেটটি ভেঙে যাওয়ার পর থেকে ওই সব পথচারীকে দূরদূরান্ত ঘুরে চলাচল করতে হচ্ছে।সরেজমিনে গেলে গ্রামের ইউপি সদস্য মাহবুবার রহমান বলেন, জলঢাকা থেকে পঞ্চপুকুর হয়ে বাবড়িঝাড় চৌপথী দিয়ে সৈয়দপুর পর্যন্ত কাঁচামালের ব্যবসায়ীসহ এলাকার লোকজন কষ্ট করে চলাচল করে।সাঁকো পারাপারের সময় স্বর্ণ ব্যবসায়ী মোকাররম হোসেন (৩৫) বলেন, ‘ব্রিজটা আটাশির বন্যায় ভেঙে যাওয়ায় এ পথের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।’ষাটোর্ধ্ব তানজিজুল ইসলাম বাঁশের সাঁকোর নিচ দিয়ে হাঁটুপানি ভেঙে নদীটি পার হচ্ছিলেন। তিনি বলেন, ‘ওই পুলত উঠিলে যে ঢুলাঢুলি করে, তাতে পড়ি যাবার ভয় লাগে। এই জন্য একটু কষ্ট হইলেও নিচ দিয়া পার হওয়ায় ভালো।’ তিনি বলেন, ‘এই রাস্তা দিয়া সাইকেল, রিকশা নিয়া যাওয়া যায় না। আর বর্ষার সময় তো পার হওয়ার উপায় নাই।’এলাকার লক্ষ্মণচন্দ্র সরকার (৩৫) বলেন, ‘এলাকার কত মানুষ সাইকেল নিয়া পার হবার সময় পড়ি যায়। কুন দিন যে কায় মইরবে তার ঠিকঠিকানা নাই।’ তিনি বলেন, ‘রুগী নিয়া বেশি সমস্যা হয়।’গ্রামের সফিউদ্দিন (৪০), তসলিম উদ্দিন (৩৮), সলেমানসহ (৩৬) অনেকে জানান, নদীটি ওই গ্রামগুলোকে তাদের ইউনিয়ন থেকে আলাদা করেছে। সেতু না হওয়ার কারণে দূরদূরান্ত ঘুরে ইউনিয়ন পরিষদসহ জেলা সদরে যাওয়া-আসা করতে হয়। ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারে না।ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, সেখানে পানি উন্নয়ন বোর্ডের একখানা স্লুইস গেট ছিল। ’৮৮ সালের বন্যায় সেটি বিধ্বস্ত হলে ওই পথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এখন সেখানে বাসের সাঁকো দিয়ে লোকজন পারাপার হচ্ছে। কিন্তু রিকশা, ভ্যান, মাইক্রো, অ্যাম্বুলেন্স কিছুই যেতে পারে না। তিনি বলেন, ওই এলাকার রোগী শহরে নিতে হলে রোগীকে ঘাড়ে নিয়ে সাঁকো পার করতে হয়। আর বন্যার সময় সাঁকো পানির চাপে ভেসে যায়। তিনি বলেন, ওই স্লুইস গেটটা এখন পানি উন্নয়ন বোর্ড এলজিইডিকে দিয়েছে। কিন্তু এলজিইডির লোকজন সেটি কয়েক দফা মাপজোখ করলেও কোনো কাজ হচ্ছে না।নীলফামারী সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ৭০-৮০ মিটার ওই সেতুটি করতে প্রায় দেড় কোটি টাকা লাগবে। পঞ্চপুকুর থেকে বাবড়িঝাড় পর্যন্ত ৯ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক পাকাকরণ এবং ওই সড়কে পঞ্চপুকুরের কাছে আরেকটি ৭০-৮০ মিটার সেতু করা জরুরি। দুটি সেতু ও সড়ক পাকাকরণে আনুমানিক ব্যয় হবে প্রায় নয় কোটি টাকা। অনুমোদন পাওয়া গেলে ২০১১ সালের মধ্যে করা সম্ভব হবে।