বিএনপিকে প্রধানমন্ত্রী, ‘ভূতের পা না-কি পেছনে থাকে’
সেতু নির্মাণ করে দেখিয়ে দেব আমরাও পারি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেছেন, ‘আমাদের ওপর অহেতুক কেউ অপবাদ চাপাবে, তা বরদাশত করা হবে না। আমরা দান-খয়রাত চাই না, হাত পেতে চলতে চাই না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেতু নির্মাণ করে দেখিয়ে দেব, আমরাও পারি।’ আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্যই হচ্ছে সব শ্রেণীর শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা। যে শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, তাঁদের কল্যাণ ও মঙ্গল করা। এ কারণেই সরকার ক্ষমতায় এসে বন্ধ থাকা অনেক কলকারখানা চালু করেছে। শ্রমিকদের চাকরির অবসরের বয়স ৬০ করা হয়েছে। শ্রম আইন সংশোধন হচ্ছে। শ্রমনীতি বাস্তবায়ন করা হয়েছে। ন্যূনতম মজুরি চার হাজার টাকা করা হয়েছে। পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন দেড় হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে। আইএলওর ৩৭টি কনভেনশনের মধ্যে ৩৩টি বাস্তবায়ন করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় যাওয়ার আগে বন্ধ কলকারখানা চালুর প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়েই বিএনপি আরও বেশি করে কলকারখানা বন্ধ করেছে। বিএনপি সে সময় আদমজীসহ পাটকলগুলো বন্ধ না করলে আজ আমরা বিশ্ববাজারে আমাদের পাটকে আরও সম্প্রসারিত করতে পারতাম। জেনেশুনেই তারা দেশের এ সর্বনাশ করেছে।’ শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী বলেছেন, আবারও ক্ষমতায় যেতে পারলে তিনি না কি আওয়ামী লীগের সব কাজই বন্ধ করে দেবেন। এর অর্থ হচ্ছে, আমরা যেসব কলকারখানা চালু করেছি, বিদ্যুত্-গ্যাস-খাদ্য ও শিল্প উত্পাদন বাড়িয়েছি এবং যেসব উন্নয়নমূলক কাজ করেছি, তার সবই তিনি বন্ধ করে দেবেন। মানুষ সামনের দিকে যায়, আর বিএনপি পেছন দিকে হাঁটে। ভূতের পা নাকি পেছনে থাকে। আমরা দেশকে এগিয়ে নিলেও বিএনপির নেত্রী পিছিয়ে দিতে চান।’ শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা। আমরা চাই মানুষ শান্তিতে থাকবে, দেশ উন্নত ও সমৃদ্ধ হবে। এ দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই।’আবদুল মতিন মাস্টারের সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন রায় রমেশ চন্দ্র। বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেশীয় পরিচালক আঁদ্রে বগি এবং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান। শোক প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির।দীর্ঘ নয় বছরেরও বেশি সময় পর উত্সবমুখর পরিবেশে কাউন্সিলের প্রথম অধিবেশন বসে। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদসহ সারা দেশের ১০১টি সাংগঠনিক জেলা ও অঞ্চল এবং ৭৬৩টি বেসিক ইউনিয়নের সাত হাজারেরও বেশি কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেটস কাউন্সিলে যোগ দেন। শুরুতে উদ্বোধনী সংগীত ছাড়াও পদ্মা সেতু নিয়ে সংগীত পরিবেশন করেন ফকির আলমগীর।