জনদুর্ভোগ এড়াতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের মধ্যে সেতু নির্মাণের পরিকল্পনা, প্রকল্প গ্রহণ ও তা একনেকে অনুমোদনের নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ঘাটের মধ্যে সেতু নির্মাণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন। যোগাযোগসচিব, পরিকল্পনাসচিব, অর্থসচিব ও সওজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম নুরুল ইসলাম। আদালতে আবেদনকারী নিজেই ওই শুনানি করেন। শুনানিতে বলা হয়, প্রায় ৩৫টি জেলার জনগণ পাটুরিয়া-দৌলতদিয়া এলাকা দিয়ে যাতায়াত করেন। শুষ্ক মৌসুমে সেখানে পানি থাকে না। ফলে ফেরি চলাচলে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। এসব সমস্যার সমাধান হতে পারে একটি সেতু নির্মাণের মধ্য দিয়ে। সেতুটি নির্মাণ করা হলে টোল আদায়ের মাধ্যমে তিন বছরের মধ্যে সেতুতে বিনিয়োগকৃত অর্থ উঠে আসবে বলেও বলা হয়েছে।