সেতু নয়, যেন মরণফাঁদ
নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের ঘোড়াঘাট সড়কের কদমতলী নামক স্থানে বুড়িখোড়া নদীর ওপরকার সেতুটি চলার অনুপোযোগী হয়ে পড়েছে। ষাটের দশকে নির্মিত প্রায় ৩০০ ফিট দীর্ঘ এ সেতু এখন যেন মরণফাঁদ হয়ে পড়েছে এলাকাবাসীর জন্য।সরেজমিনে দেখা গেছে, সেতুর সংযোগ সড়কের এক দিকের মাটি সরে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেতুর ওপর থেকে একটি কাঠের তক্তা ফেলে মাটির রাস্তার সঙ্গে যোগসূত্র রক্ষা করা হয়েছে। ঝুঁকিপূর্ণভাবে এর ওপর দিয়েই চলছে রিকশা, সাইকেল, ভ্যান, মোটরসাইকেল ইত্যাদি।এলাকাবাসী জানান, পাঁচ বছর ধরে এ দশা। নির্মাণকারী প্রতিষ্ঠান এলজিইডি দুই বছর আগে সেতুটি পরিত্যক্ত ঘোষণা করলেও নতুন সেতু না করায় এ অবস্থাতেই যাতায়াত করতে হচ্ছে লোকজনকে। ইউনিয়নের মানুষমারা গ্রামের মফেজা বেগম (৫৫) বলেন, ‘এটা এখন আর সেতু নাই। এটা এখন মানুষ মারার ফাঁদ হইছে। প্রায়ই সেতু পার হওয়ার সময় মানুষ পইড়ে যায়, আহত হয়, হাসপাতালে যায় কিন্তু সেতু হয় না।’কোরআনী পাড়ার মোবারক হোসেন (৬০) জানান, এ রাস্তায় এখন ট্রাক, মাইক্রোবাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ। ভ্যান, রিকশা, মোটরসাইকেলের মতো যান ঝুঁকি নিয়ে চলাচল করছে। এগুলোও পারাপার হওয়ার সময় প্রায় দুর্ঘটনা ঘটে। রোজার সময় একটা বাচ্চা সাইকেলসহ নিচে পড়ে গেছে। তিনি আরও জানান, এ পথে ডিমলা জলঢাকার মানুষ সৈয়দপুর যাওয়া-আসা করে। বিশেষ করে গরু-ছাগল, কাঁচামালের ব্যবসায়ীসহ সহস্রাধিক মানুষ প্রতিদিন এ পথে সৈয়দপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আসা-যাওয়া করে। এখন ভারী যানবাহনগুলোকে অনেক পথ ঘুরে চলাচল করতে হয়।স্থানীয় বাসিন্দা মকছেদ আলী (৫০) জানান, ১৫ দিন আগে রাতের বেলা একজন মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়ার সময় খাদে পড়ে আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, এ পথে রাতের বেলা নতুন কোনো লোক এলে সে দুর্ঘটনায় পড়বেই। কারণ সেতুর ওই প্রান্ত থেকে কেউ বোঝে না যে এখানে এত বড় ভাঙা জায়গা আছে।এ ব্যাপারে পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। আমার ইউনিয়নের দুটি ওয়ার্ড নদীর ওই পারে পড়েছে। সেখানকার প্রায় পাঁচ হাজার মানুষকে প্রতিনিয়ত ওই সেতু পেরিয়ে পঞ্চপুকুর বাজার ও জেলা সদরে যাতায়াত করতে হয়।’ তিনি আরও বলেন, ‘ষাটের দশকে নির্মিত সেতুটি এলজিইডি দুই বছর আগে পরিত্যক্ত ঘোষণা করেছে। নতুন করে সেখানে সেতু করার ব্যাপারে আমি এলজিইডির সঙ্গে যোগাযোগ করেছি। তারা আশ্বাস দিয়েছে। তবে বর্ষার আগে ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় ৩৫ হাজার টাকা খরচ করে ওই ভাঙা অংশে মাটি দিয়েছিলাম। কিন্তু রাতের আঁধারে পিলার দুটি কে বা কারা তুলে নিয়ে গেছে।’নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল বাছেদ বলেন, ‘আশা করছি, সেতুটি নির্মাণ করতে আগামী জুনের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষে দরপত্র ডাকা হবে।’ তিনি জানান, জেলা সদরে অগ্রাধিকার প্রকল্পের আওতায় ছয়টি সেতু নির্মাণের প্রস্তাব আছে, তার মধ্যে এটি একটি। এ সেতুটি বর্তমান জায়গা থেকে কিছুটা পূর্ব দিকে সরিয়ে করার ব্যাপারে পরিকল্পনা চলছে।