সেতু পার হওয়ার সময় মনে হয় প্রাণ বুঝি যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের ফুলজোড় নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে মানুষের প্রাণহানি ঘটতে পারে। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে জেলা শহরগুলোর সঙ্গে। জানা যায়, উপজেলা সদরের ধানগড়ায় ফুলজোড় নদীর ওপর ১৯৯৫ সালে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বেইলি ব্রিজটি এলাকাবাসীর বিভিন্ন জেলা শহরের সঙ্গে যোগাযোগের নতুন মাত্রা যোগ করে। নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় পাঁচ লাখ মানুষের জীবন ও জীবিকার মাধ্যম হিসেবে পরিগণিত হচ্ছে এ সেতুটি। কিন্তু নির্মাণের পর থেকে যথাযথ রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর ওপর দিয়ে প্রতিদিন বাস-ট্রাকসহ কয়েক শত যানবাহন যাতায়াত করে। কিন্তু সেতুর দুই পাশের লোহার রেলিং চুরি হয়ে যাওয়ায় পথচারীসহ এসব যানবাহন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। রেলিং না থাকায় মাঝেমধ্যে ব্রিজ থেকে পথচারী নদীতে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটছে। সেতুর পাটাতনের মাঝে মাঝে দেবে যাওয়া ও নাট-বল্টু ঢিলে হয়ে যাওয়ায় ব্রিজের ওপর কোনো যানবাহন উঠলে সেতুটি কাঁপতে থাকে। রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজের ছাত্রী ফাহিমা খাতুন বলেন, ‘সেতু পার হওয়ার সময় বাস-ট্রাক সেতুতে উঠলে এমনভাবে কাঁপতে থাকে, খুব ভয় লাগে। সেতু পার হওয়ার সময় মনে হয় প্রাণ বুঝি যায়।’ভ্যানচালক ইসহাক আলী বলেন, ‘যহুন বিরিজের উপুর দিয়া পার অই, তহুন যদি বাস আসে, তালি বিরিজের এক সাইডে দাঁড়াইয়া দেরি করা লাগে। যহুন বাস পার অইয়া চইলা যায়, তহুন আমরা পার অই।’ বাসচালক লুত্ফর রহমান বলেন, ‘আল্লাহর নাম নিয়া সেতুতে উঠি পার হইলে হাফ ছাইড়া বাঁচি।’ আরেকজন বাসচালক সাইফুল ইসলাম বলেন, ‘ব্রিজ পার হওয়ার সময় কিছুদিন আগে আমার গাড়ির পাতি ভেঙে যায়।’ বাসের হেলপার বাবলু সরকার বলেন, ‘ব্রিজ পার হওয়ার সময় মনে হয় প্রাণটা বুঝি শার্টের বুক পকেটে। যেকোনো সময় ঝাকি লেগে পড়ে যেতে পারে। তাই তখন বাসের দরজায় না থেকে ভেতরে গিয়ে বসি আর শুধু আল্লাহ আল্লাহ করি।’ এ ব্যাপারে সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের একটি সূত্র জানায়, বিভিন্ন সময়ে ব্রিজটির ছোটখাটো মেরামত কাজ ও চুরি যাওয়া রেলিং লাগানো হয়েছে। কিন্তু প্রয়োজনীয় অর্থ না পাওয়ায় বড় ধরনের মেরামত কাজ করা সম্ভব হয়নি। সওজের রায়গঞ্জ এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ব্রিজটির প্রয়োজনীয় মেরামত কাজ করা হবে। উল্লেখ্য, ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে ওই ব্রিজটি তত্কালীন যোগযোগমন্ত্রী অলি আহমেদ উদ্বোধন করেন। তখন থেকেই এলাকাবাসীর দাবি, বেইলি ব্রিজের পরিবর্তে ঢালাই ব্রিজের। সেই অনুযায়ী পিলারও স্থাপন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত ঢালাই ব্রিজ আর হয়নি। এখন আবারও এলাকাবাসী ঢালাই ব্রিজের দাবি তুলেছেন। এ ব্যাপারে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার জাতীয় সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার বলেন, বিষয়টির সম্ভাব্যতা যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরের মতামত সাপেক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।