সেতু বিভাগের তিন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে সেতু বিভাগের তিন কর্মকর্তাকে আজ বুধবার জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে আজ সকাল ১০টা থেকে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়।সেতু বিভাগের তিন কর্মকর্তা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী মো. গোলাম মর্তুজা ও অপর সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ।এর আগে গত সোমবার ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগের বিষয়ে পদ্মা সেতুর পরামর্শক হতে আগ্রহী কানাডাভিত্তিক প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করে দুদক।দুর্নীতির অভিযোগে গত শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের ঋণ বাতিল করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের অভিযোগ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ব্যাপারে বাংলাদেশের সরকারি কর্মকর্তা, এসএনসি-লাভালিনের কর্মকর্তা ও বেসরকারি পর্যায়ের ব্যক্তিদের মধ্যে উচ্চপর্যায়ের দুর্নীতিমূলক ষড়যন্ত্র সম্পর্কে বিভিন্ন উত্স থেকে প্রাপ্ত দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে।সংস্থাটি বলেছে, এসব অভিযোগের ব্যাপারে বাংলাদেশ সরকার থেকে পর্যাপ্ত বা ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।গত সেপ্টেম্বরে অর্থমন্ত্রী যান ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে যান। এ সময় পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের করা একটি তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রীকে দেওয়া হয়। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) দাবি করে, তারা তদন্ত করে মন্ত্রীর দুর্নীতির কোনো প্রমাণ পায়নি।ফেব্রুয়ারিতে দুদকের এ বক্তব্যের পর গত এপ্রিলে আবার একটি তদন্ত প্রতিবেদন দেয় বিশ্বব্যাংক। সেই প্রতিবেদনে মন্ত্রীসহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে বলা হয়, তাঁরা কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ১০ শতাংশ কমিশন চেয়েছিলেন। এ নিয়ে এখনো তদন্ত করছে দুদক।