পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলার আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও সেতু কর্তৃপক্ষের নদীশাসন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল বুধবার বেলা একটা ৫০ মিনিটে তাঁরা হাইকোর্ট থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় ছবির হাটের সামনে থেকে দুদকের পরিচালক ও উইং কমান্ডার মো. তাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল তাঁদের গ্রেপ্তার করে। সকালে ওই মামলায় জামিন নিতে গেলে হাইকোর্ট তাঁদের নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেন।পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি কাজের পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো। এই মামলায় সাতজন আসামির চারজন বাংলাদেশি ও তিনজন বিদেশি। ১৭ ডিসেম্বর বনানী থানায় মামলা করে দুদক। বেলা দুইটা ১০ মিনিটে গ্রেপ্তারকৃতদের সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। বিকেল পৌনে ছয়টায় তাঁদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘পুরো বিষয়টি চলমান প্রক্রিয়া। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা ঠিক হবে না।’কিছুক্ষণ পর দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল (আজ) বৃহস্পতিবার রিমান্ডের আবেদনসহ গ্রেপ্তারকৃতদের আদালতে উপস্থাপন করা হবে।’ তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সাত থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।এজাহারে নাম থাকা দুই সাবেক মন্ত্রী আবুল হোসেন ও আবুল হাসানকে কী ধরনের নজরদারিতে রাখা হয়েছে—জানতে চাইলে সাহাবুদ্দিন বলেন, ‘তদন্তে তাঁদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা যেহেতু সরাসরি আসামি নন, তাঁদের সরাসরি কিছু বলা হবে না।’দুদকের পরিচালক উইং কমান্ডার তাহিদুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।জামিন আবেদন নিয়মিত বেঞ্চে দাখিলের নির্দেশ: এর আগে গতকাল দুপুরে সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ দুই আসামির আগাম জামিন আবেদন করা হলে তা নিয়মিত বেঞ্চে উপস্থাপন করতে বলেন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। গত ১৯ ডিসেম্বর আসামিদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক জামিনের আবেদন করেন আইনজীবী রুমিন ফারহানা। আদালত সূত্র জানায়, গতকাল সকালে আবেদনকারীরা আদালত অঙ্গনে হাজির হন। দুপুর সাড়ে ১২টার দিকে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক আবেদন দুটি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে উপস্থাপন করেন। আইনজীবী রুমিন ফারহানা ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এ সময় উপস্থিত ছিলেন। আদালত আবেদন দুটি নিয়মিত বেঞ্চে দাখিল করার জন্য বলেন। পরে আবেদন দুটি ফেরত নেওয়া হয়।রুমিন ফারহানা প্রথম আলোকে বলেন, জামিন আবেদন নিয়মিত বেঞ্চে দাখিল করতে বলেছেন আদালত। কিন্তু ইতিমধ্যে তাঁরা গ্রেপ্তার হয়েছেন। তাই এখন মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন আবেদন জানানো হবে। দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে জানান, দুই আসামি গ্রেপ্তার হওয়ায় আগাম জামিন আবেদনের কার্যকারিতা নেই।