সেতুটি উদ্বোধনের আগেই ধসে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ওপর দিয়ে বয়ে যাওয়া বড়াল নদের ওপর নির্মিত সেতুটি উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণেই সেতুটিতে ফাটল ধরে রেলিং ভেঙে পড়েছে। এ ছাড়া সেতুটির পূর্বাংশে প্রায় দুই থেকে আড়াই ফুট দেবে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নিজস্ব অর্থায়নে লক্ষ্মীকোল বাজারসংলগ্ন বড়াল নদের ওপর ৩৩ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের ওই সেতুর নির্মাণকাজ শুরু হয় গত মে মাসের মাঝামাঝি। ২ জুলাই সেতুটির ঢালাইয়ের কাজ শেষ হয়। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১৭ লাখ ৯১ হাজার টাকা। পরে নির্মাণ-ব্যয় বৃদ্ধির অজুহাতে তা বাড়িয়ে ২০ লাখ ৭০ হাজার টাকায় উন্নীত করা হয়। তার পরও ঢালাইয়ের ২৮ দিনের মাথায় সেতুটি ভেঙে পড়ে। এ নিয়ে এলাকাবাসী ৩০ জুলাই সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে বিক্ষোভ মিছিল করে। এলাকাবাসী জানান, সেতুটি নির্মাণের সময় থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ ছিল। সংশ্লিষ্ট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ঠিকাদারি প্রতিষ্ঠান মীম কনস্ট্রাকশনের সঙ্গে যোগসাজশ করে ওই অনিয়ম করে বলে অভিযোগ ওঠে। তার পরও নির্মাণকাজ চলতে থাকে। কিন্তু ৩০ জুলাই নির্মাণের মাত্র ২৮ দিনের মাথায় সেতুটি দেবে গিয়ে বিভিন্ন স্থানে ৮-১০ ইঞ্চি পুরু ফাটল সৃষ্টি হওয়ায় মূল পাটাতন এক পাশে ভেঙে দেবে যায়। সেতুর পূর্বাংশ দেবে যাওয়ায় এবং একদিকে কিছুটা হেলে পড়ায় এটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে সেতুর ওপর দিয়ে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা সোলায়মান আলী ও ফজলুর রহমান অভিযোগ করেন, সেতুটির নির্মাণকাজ শুরু হওয়ায় নদীপারের মানুষের মধ্যে নতুন প্রাণসঞ্চার হয়েছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে সেতুটি ধসে পড়ায় এলাকার মানুষ আশাহত হয়েছে। এত টাকার একটি সেতু শুরুতেই ধসে পড়ায় দুর্নীতি ও অনিয়মের চিত্রটি প্রকাশ পেয়েছে। এই অনিয়ম ও লুটপাটের কঠোর বিচার হওয়া উচিত। ঠিকাদারি প্রতিষ্ঠান মীম কনস্ট্রাকশনের মালিক ফজলুর রহমান তারেক দাবি করেন, নকশা এবং চুক্তি অনুযায়ী সেতু করা হয়েছে। এতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের আশ্রয় নেওয়ার প্রশ্নই ওঠে না। সেতুটি ধসে পড়ার কারণ হিসেবে তিনি বলেন, নির্মাণকাজ শুরু করার সময় মানুষ চালাচলের জন্য নদীতে একটি মাটির বাঁধ নির্মাণ করা হয়েয়েছিল। ঘটনার দিন ৩০ জুলাই হঠাৎ নদীতে পানি চলে আসে। এতে বাঁধটি ভেঙে পড়ায় সেতুর নিচের মাটি সরে যায়। তাই সেতুটি দেবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে গুরুদাসপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (বড়াইগ্রাম পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা) ওয়াহিদুর রহমান ওই ঠিকাদারের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেন। বড়াইগ্রাম পৌরসভার মেয়র ইসাহাক আলী বলেন, ‘ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। চাটমোহরের কিনু সর্দারের ধর নামক স্থানে স্লুইসগেট খুলে দেওয়ায় হঠাৎ শুকনো নদীতে পানির ব্যাপক চাপের সৃষ্টি হয়। পানির তোড়ে সেতুর পাশের এবং নিচের বালু-মাটি সরে যাওয়ায় সেতুটি দেবে গেছে। এ ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’