সেতুতে গর্ত, ভারী যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকন্দী-চন্দ্রপুর সড়কের একটি সেতুতে গর্তের সৃষ্টি হওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাকা সড়ক থাকার পরও যানবাহন চলাচল না করায় এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী বাজার থেকে চন্দ্রপুর পর্যন্ত সড়কটি পাঁচ কিলোমিটার দীর্ঘ। শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাঁচ বছর আগে এটি পাকা করে। চিকন্দী ইউনিয়নের আবুড়া গ্রামের সড়কের ওপর সেতুর মাঝখানে গর্তের সৃষ্টি হয়। গর্তটি আস্তে আস্তে বড় হতে থাকে। বর্তমানে সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে না। ভ্যান-রিকশা খালি করে সেতু পার করতে হয়। এ সড়ক দিয়ে চিকন্দী, ডোমসার, শৌলপাড়া, চন্দ্রপুর, বিনোদপুর ও মাহমুদপুর ইউনিয়নের ২৫টি গ্রামের মানুষ যাতায়াত করে।আবুড়া গ্রামের মোতালেব মিয়া (৩৫) বলেন, প্রায় এক বছর আগে সেতুর ওপর গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনকে অনেক অনুরোধ করা হয়েছে এটি মেরামত করার জন্য। প্রশাসনের অবহেলায় সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।চিকন্দী গ্রামের বাসিন্দা শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী রবিন (১৮) বলেন, চিকন্দীতে একটি দেওয়ানি আদালত রয়েছে। দুটি বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চিকন্দী আসে। যানবাহন চলাচল না করায় অতিরিক্ত টাকা ব্যয় করে রিকশা অথবা ভ্যানে যাতায়াত করতে হয়।গয়াতলা গ্রামের আবুল সরদার (৪৫) বলেন, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন আমরা যাতায়াত করি। আমাদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে যায়। যানবাহনে চলাচল করতে পারলে সময় ও টাকা বাঁচানো যেত। অনেকবার সেতুর দ্রুত সংস্কারের দাবি করেও কোনো লাভ হয়নি।চিকন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন তালুকদার বলেন, ‘সেতুর গর্ত সংস্কার করার জন্য এলজিইডির কর্মকর্তাদের অনেকবার অনুরোধ করেছি। আমরা এলাকার মানুষের চাপে থাকি। বিষয়টি এলজিইডির কর্মকর্তাদের বোঝাতে পারি না।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নিরঞ্জন দাস জানান, ‘সেতুর ওপর গর্ত থাকায় ভারী যান চলাচল বন্ধ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। খুব শিগগিরই এটি মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।’