সেতুর অভাবে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের মান্নারগাঁও এলাকায় একটি সেতুর অভাবে প্রতিদিন লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। ওই এলাকার একটি খালে সেতু না থাকায় সড়কটিতে টেম্পো বা লেগুনার মতো যানবাহন চলাচল করে না। খেয়া দিয়ে লোকজন খালটি পার হয়ে মোটরসাইকেলে কোনোমতে চলাচল করলেও পণ্য ও রোগী নিয়ে ভোগান্তি চরমে পৌঁছে তাদের।এলাকাবাসী জানায়, সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলে দোয়ারাবাজার যেতে সময় লাগে এক ঘণ্টা। মান্নারগাঁও এলাকার খালটিতে সেতু না থাকায় এ সড়কে টেম্পো চলে না। ফলে মোটরসাইকেলে বেশি ভাড়া দিয়ে চলাচল করতে হয় তাদের। এ ছাড়া লঞ্চেও যাতায়াতের ব্যবস্থা আছে। এতে টাকা কম লাগলেও সময় লাগে বেশি। তিন ঘণ্টা লেগে যায় দোয়ারাবাজারে পৌঁছাতে।দোয়ারাবাজার সদরের বাসিন্দা ব্যবসায়ী রফিক উদ্দিন বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও সুনামগঞ্জের সঙ্গে দোয়ারাবাজারের সরাসরি সড়ক যোগাযোগ গড়ে ওঠেনি। প্রায় প্রতিদিনই সুনামগঞ্জে যাতায়াত করি। একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হয়। না হলে, এক টানে সুনামগঞ্জ যাওয়া যেত।’এদিকে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকার আব্দুস ছালাম বলেন, ‘প্রতিদিনই দোয়ারাবাজার যেতে হয়। সুনামগঞ্জ থেকে গিয়ে অফিস করি। কিন্তু এই খালে সেতু না থাকায় মোটরসাইকেলে যাওয়া-আসা করি। তারপর খেয়ায় খাল পার হই। সেতু হলে টাকা ও ভোগান্তি দুই-ই কম হতো।’ স্থানীয় কাটাখালি গ্রামের ইসলাম উদ্দিন বলেন, ‘ভাঙ্গার ১৫০ গজ পুবে একটা পুল (সেতু) আছে। ইখানো সড়ক দিলাইলে সুনামগঞ্জ থাকি দোয়ারাবাজারে টেম্পো, লেগুনা, সিএনজি হখলতা চলব। মাইনসেরও কষ্ট কমি যাইত। কে দেখে কার কষ্ট।’ইসলাম উদ্দিনসহ এলাকার দীপক রঞ্জন, আব্দুস সোবহান জানান, বিএনপি ক্ষমতায় থাকার সময় স্থানীয় সংসদ সদস্য বারবার এখানে একটি সেতু করে দেবেন বলে কথা দিয়েও শেষ পর্যন্ত আর কথা রাখেননি। বর্তমানে এলাকাটি সুনামগঞ্জ সদর আসনের অন্তর্ভুক্ত হয়েছে। সুনামগঞ্জ সদর আসনের সাংসদ একইভাবে উপনির্বাচনের সময় এলকাবাসীকে কথা দিয়েছিলেন নির্বাচিত হলে তিন মাসের মধ্যে সেতু করে দেবেন। কিন্তু নির্বাচনের পর সাত মাস পার হয়ে গেলেও সেতু নির্মাণের আর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।এলাকাবাসী জানায়, সুরমা নদীর কূল উপচে আসা পাহাড়ি ঢলে প্রায় ১৫ বছর আগে মান্নারগাঁও পার্শ্ববর্তী সড়ক ভেঙে খালের সৃষ্টি হয়। এর পর থেকেই দুর্ভোগের শুরু। কিন্তু দুর্ভোগ লাঘবে এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ছোট ছোট খেয়া নৌকায় অতিকষ্টে লোকজন বাইসাইকেল, মোটরসাইকেলে পারাপার করে। প্রায়ই এখানে নৌকাডুবির ঘটনা ঘটে। বর্ষায় পাহাড়ি ঢলের কারণে এখান দিয়ে যাতায়াতই বন্ধ করে দিতে হয়।মান্নারগাঁও গ্রামের কলেজছাত্র মহিবুল ইসলাম বলেন, এলাকাবাসী বারবার এখানে সেতু নির্মাণের দাবি জানালেও কোনো ফল হয়নি। কেউ কথা দিয়ে পরে আর কথা রাখেনি।সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান বলেন, ‘সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার যাতায়াত সহজ করতে এখানে একটি সেতু দরকার। আমি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলজিইডি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।’সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিপুল চন্দ্র বণিক বলেন, ‘এখানে প্রথমে একটি সেতু করার প্রস্তাবনা ছিল। পরে যাচাই-বাছাই করে দেখা গেছে, কাছেই যেহেতু আরেকটি সেতু রয়েছে এখানে সড়ক নির্মাণ করলেই চলবে। শিগগিরই এখানে সড়ক নির্মাণের কাজ শুরু হবে।’