সেতুর উইং ওয়াল ধসে পড়েছে
ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের অর্থায়নে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি গ্রামে ছয় মাস আগে নির্মিত আরসিসি সেতুর একাংশের উইং ওয়াল ১৯ জানুয়ারি ধসে পড়েছে। অন্য অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের অর্থায়নে ২০০৮-০৯ অর্থবছরে আট লাখ ৬৮ হাজার ৭৩৬ টাকা ব্যয়ে কটকস্থল-বেজগাতি সড়কের কাসেম চৌকিদারের বাড়ির সামনে একটি আরসিসি সেতু নির্মাণ করা হয়। বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুপালি কনস্ট্রাকশন এটি নির্মাণ কাজ করে। প্রকল্পটি বাস্তবায়ন শেষে গত ১০ জুন ঠিকাদারি প্রতিষ্ঠান চূড়ান্ত বিল তুলে নেয়। সরেজমিনে দেখা গেছে, শুকনো খালে সেতুর পূর্ব পাশের একটি উইং ওয়াল ধসে পড়ে এবং অন্যটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ফলে জনসাধারণের চলাচলে বর্তমানে সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফকরুল আলম মিয়া বলেন, ‘নির্মাণের শুরু থেকেই ঠিকাদার নিম্নমানের কাজ করার বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় সভায় উল্লেখসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে জানানো হয়। অভিযোগ দেওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নিয়ে ঠিকাদারকে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করে।’ঠিকাদার মো. মামুন হোসেন নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্মাণের ত্রুটির জন্য নয়, খালের অধিক স্রোতের কারণে সেতুটি ধসে পড়েছে।’ এ ব্যাপারে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, ‘আমি গৌরনদীতে যোগদান করার আগেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’