সেতুর একাংশ ভেঙে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর বেইলি সেতুর একটি লোহার পাত (ট্রানজম) ভেঙে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে সেতুতে যাত্রীবাহী বাসসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হালকা গাড়িগুলো চলছে। সেতু দিয়ে বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী বাসগুলো চলাচল করতে পারছে না। এর ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুর দুই পাশে যানজটও শুরু হয়েছে। মাদারীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, এই মহাসড়কে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করে। সেতুর পূর্ব প্রান্তের একটি লোহার পাত (ট্রানজম) ভেঙে যাওয়ায় ভারী গাড়িগুলোকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। হাবিবুর রহমান আরও বলেন, সেতু মেরামতের জন্য ফরিদপুর থেকে ক্রেন ও জেনারেটর নিয়ে যাওয়া হচ্ছে। আজ সন্ধ্যার মধ্যে মেরামত কাজ সম্পন্ন করা সম্ভব হবে।