সেতুর কাছে আরও দুই লাশ, তিন থানার ঠেলাঠেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া। ছেলে রাসেল (২৫) নিখোঁজ হয়েছেন ২১ দিন আগে। অনেক খোঁজ করেও ছেলের কোনো সন্ধান পাননি। মেঘনার ভৈরব সেতুর কাছে লাশ ভেসে উঠেছে—এ খবরে তিনি সোমবার বিকেলে এখানে ছুটে আসেন। লাশের সন্ধানে নৌকায় নদীতে ঘুরে বেড়ান। জেলেদের কাছ থেকে জানেন, সকালে সেতুর অদূরে দুটি লাশ ভাসতে দেখেছেন তাঁরা। দুর্গন্ধ এড়াতে তাঁরা সেগুলো দূরে ঠেলে দিয়েছেন।এদিকে বাচ্চু মিয়া লোকমুখে জানতে পারেন, লাশ দুটি এখন রায়পুরা জলসীমায় ভাসছে। পরে সেখানে ছোটেন। নিশ্চিত হন, কয়েক ঘণ্টা আগে ওই স্থানে লাশ দুটি ছিল, এখন নেই। প্রায় এক দিন এভাবে হন্যে হয়ে খুঁজে গতকাল মঙ্গলবার দুপুরে একটি লাশের দেখা পান তিনি। লাশটি তখন পুরাতন ব্রহ্মপুত্র নদের নরসিংদীর বেলাব জলসীমায় ভাসছিল। গায়ে পচন ধরেছে। দেখে কিছুই বোঝার উপায় নেই। তার পরও ধারণা, লাশটি তাঁরই ছেলের। গন্ধ এড়াতে কেউ যেন আবারও ঠেলে দূরে সরিয়ে দিতে না পারে কিংবা স্রোতে ভেসে না যায়, সে কারণে বাঁশ দিয়ে লাশটির চারদিকে তিনি বেষ্টনী তৈরি করেন। অন্য লাশটি কোথায় গেছে, তা কারও জানা নেই।গতকাল বিকেলে ঘটনাস্থলে গেলে দেখা যায়, বাচ্চু মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা লাশটির কাছাকাছি বসে রয়েছেন। চারপাশে কৌতূহলী অনেক লোক। তবে দুর্গন্ধের কারণে কেউ লাশের কাছে যেতে পারছে না।চোখের পানি মুছে বাচ্চু মিয়া বলেন, ‘আমি নিশ্চিত, লাশটি আমার ছেলের। কিন্তু এত বেলা গেল, এত মানুষ আইল, কেবল পুলিশ আইল না। পুলিশ না আইলে কেমনে নিশ্চিত হমু এই লাশ আমার ছেলের কি না?’ কথা হয় নিতাই চন্দ্র বর্মণ (৫০) নামের একজন জেলের সঙ্গে। তিনি বলেন, ‘মাছ ধরে জীবন চালাই। নদী আমাদের জীবন। ওই সেতুর কাছে কত লাশ যে ভাইসা ওঠে আর কত লাশ ভাইসা যায়, তার হিসাব রাখার লোক কই। আমরা হুদা দেহি।’দুই লাশের সন্ধান পাওয়ার ব্যাপারে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কবির বলেন, ‘লাশ ভেসে এসেছে কি না, আমাদের জানা নেই। তা ছাড়া আমাদের জলসীমা হলে জানতাম। উদ্ধার করতাম।’ বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘আপনি (প্রতিবেদক) ফোন দেওয়ার (বিকেল চারটার কিছু পরে) এক মিনিট আগে জেনেছি। লাশটি কোন জলসীমায় আছে নিশ্চিত নই। বিষয়টি নিয়ে রায়পুরা থানার ওসির সঙ্গে কথা বলব।’ বেলাব থানার ওসির মাধ্যমে লাশ ভেসে আসার খবরটি জেনেছেন উল্লেখ করে রায়পুরা থানার ওসি মাহাবুব হাসান বলেন, ‘লাশের অবস্থান এখন বেলাব থানার জলসীমায়।’ওদিকে, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত লাশ উদ্ধারে কোনো থানার পুলিশকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি। এর আগে গত শুক্রবার প্রথম আলোয় ‘গভীর রাতে সেতু থেকে লাশ ফেলা হয়’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।