সেতুর রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ চলাচল
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় জাদুঘরের কাছে কালীদহ খালের ওপর শিবগঞ্জ-মহাস্থানগড় সড়কে নির্মিত সেতুর দুই পাশের রেলিং ভেঙে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এক মাস আগে। এখনো সেটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বিকল্প না থাকায় ওই সেতু দিয়েই প্রতিনিয়ত যানবাহন চলাচল করছে।খোঁজ নিয়ে জানা যায়, ব্রিটিশ আমলে নির্মিত এ সেতু দিয়ে প্রতিদিন শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলার প্রায় এক হাজার যানবাহন চলাচল করছে। একাধিকবার সড়কটি সংস্কার করা হলেও সেতুটি সংস্কার করা হয়নি। এতে বিপরীতমুখী দুটি যানবাহন সেতুর ওপর উঠলেই ধাক্কা খেয়ে রেলিং ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে তা জোড়াতালি দিয়ে মেরামতও করে। তবে এক মাস আগে রেলিংটি একেবারেই ভেঙে যাওয়ায় পর তা আর পুনর্নির্মাণ করা হয়নি। এলাকার শিক্ষক তাজমিলুর রহমান (৩৮) জানান, শুধু রেলিং নয়, পুরো সেতুটিই বলতে গেলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঢালু এ সেতুটি সে সময় এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে দুই পাশ থেকে দুটি যানবাহন এলে সামান্য দূর থেকেও চালকেরা একে অপরকে দেখতে পারেন না। ফলে প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।ট্রাকচালক আবু হানিফ (৪০) বলেন, ‘টারাক লিয়া দ্যাশ ম্যারা আসি। ভয় পাই ন্যা। কিন্তুক মাস্তানের জাদুঘরের কাছে অ্যাসা বিরিজডা দেকলেই হাতটা ক্যাঁপা উটে। মনে হয়, এই বুজি পড়্যা গেনু। মিচ্চিএনা বেখিয়াল হলিই অ্যাকসিডিন হবিই।’শিবগঞ্জ-মহাস্থানগড় সড়কে সিএনজিচালিত অটোরিকশাচালক বেলাল হোসেন (৪৫) বলেন, ‘এই আস্তা দিয়া হামি বহুত দিন হলো টেম্পু চালায়। গোটা আস্তাত কুনো ভয় লাগে না। কিন্তুক জাদুঘরের বিরিজাডা দেকলে হামার বুকের ভিতর মোচর দিয়া উঠে। এমনিতেই ব্যাঁক বেশি তার ওপর আবার নিচোত থ্যাকা ওপরে ওঠা লাগে। তকন সামনোত যে কী থাকে তা দেকপার পারি ন্যা।’গড় মহাস্থান গ্রামের আফছার আলী (৬৫) জানান, এ সেতুর বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক মানুষ হতাহত হয়েছে। কয়েক দিন আগে রাতের বেলা রেলিং ভেঙে একটি সিএনজিচালিত অটোরিকশা বাদুড়ঝোলার মতো সেতুতে ঝুলে ছিল। এলাকাবাসী অভিযোগ করেন, প্রতিদিন ঐতিহাসিক মহাস্থানগড় দর্শনে দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক মহাস্থানগড় দর্শনে আসেন। জাদুঘরের কাছে এসে এমন নড়বড়ে সেতু দেখে তাঁরা হতাশ হয়ে পড়েন। এলাকা সম্পর্কে বিরূপ ধারণা নিয়ে ফিরে যান। এ ব্যাপারে বিভিন্ন জায়গায় কথা বলেও কোনো কাজ হয়নি। রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল খালেক বলেন, পুরোনো সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সংস্কার নয়, নতুন করে এটি নির্মাণ করা দরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান জানান, সেতুটি দ্রুত ঝুঁকিমুক্ত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দেবেন।উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার ওপর রেলিং ভেঙে যাওয়ায় বর্তমানে সেতুটি আরও বিপজ্জনক হয়ে পড়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।