সেতুর সঙ্গে ধাক্কায় দুই ট্রেনযাত্রী নিহত, এক শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছে সিয়াম নামের আট বছরের এক শিশু। গত শুক্রবার রাত ১০টার দিকে ঢাকাগামী আন্তনগর মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চান্দুরা গ্রামের অহিদ মিয়া (৩৫) ও অজ্ঞাত পরিচয় একজন পুরুষ (৪০)। অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল শনিবার ভোরে। গুরুতর আহত হয়েছেন আখাউড়ার দক্ষিণ রাজবাড়ী এলাকার দ্বীন ইসলাম (৩০) এবং কুমিল্লা কোতোয়ালি থানার বামুই গ্রামের কাউছার চৌধুরী (২৮)। রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১০টার দিকে শহীদ হাবিলদার আবদুল রেলওয়ে সেতু (ভৈরব সেতু) অতিক্রম করছিল। সে সময় ট্রেনের ছাদে ভ্রমণকারী কয়েকজন দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছিলেন। ট্রেনটি সেতুর ভৈরব প্রান্তে আসামাত্র সেতুর ওপরের অংশের সঙ্গে তাঁদের ধাক্কা লাগে। পাঁচ মিনিটের মধ্যে ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় অন্য যাত্রীদের চিৎকারে রেলওয়ে পুলিশ গিয়ে হতাহতদের ছাদ থেকে নামায়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই অহিদ মিয়ার মৃত্যু হয়। রাতেই তাঁর মরদেহ স্বজনদের কাছে তুলে দেয় রেলওয়ে পুলিশ। গতকাল শনিবার সকালে স্টেশনের অদূরে মনামারা সেতুর কাছে পড়ে ছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ। পুলিশের ধারণা, নিহত ওই ব্যক্তি মহানগর ট্রেনের ছাদে ভ্রমণকারীদের একজন। ভৈরব রেলওয়ে থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনের ছাদে হাঁটাহাঁটি করায় তাঁরা দুর্ঘটনার শিকার হন। অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরনে ছিল টিয়া রঙের প্যান্ট। তাঁর হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। সিয়াম নিহত অহিদ মিয়ার ভাতিজা। গতকাল সন্ধ্যা পর্যন্ত সিয়ামের সন্ধান পাওয়া যায়নি।