সেতুহীন বাউলসম্রাটের কালনী নদীতে ভোগান্তি
সুনামগঞ্জের দিরাইয়ের কালনী নদীতে স্বাধীনতার পর ৩৯ বছরেও ব্রিজ হয়নি। ফলে উপজেলার পূর্বাঞ্চলের জগদল, করিমপুর ও তাড়ল ইউনিয়নের লক্ষাধিক মানুষকে আজও দিরাই শহরে আসতে হলে ঘণ্টার পর ঘণ্টা খেয়া নৌকার জন্য নদীর পাড়ে অপেক্ষায় থাকতে হয়।গত ২৫ জানুয়ারি কালনী নদীর চান্দপুর খেয়াঘাটে গিয়ে দেখা গেছে, নৌকাচালক মোহন দাস মনের আনন্দে ‘কোন মেস্তুরি নাও বানাইল/ কেমন দেখা যায়/ঝিলমিল ঝিলমিল করেরে/ ময়ূরপঙ্খী নায়’ বাউলসম্রাট শাহ আবদুল করিমের এ গানটি গাচ্ছেন। পরে গান থামিয়ে তিনি জানান, এ খেয়াঘাট দিয়ে দিরাই পূর্বাঞ্চলের করিমপুর, জগদল ও তাড়লের মানুষ যাতায়াত করে। আসা-যাওয়াতে চার টাকা এবং মোটরসাইকেল পারাপারে ২০ টাকা করে দিতে হয়।ঘাটে অপেক্ষমাণ চান্দপুর গ্রামের নিরঞ্জন বর্মণ বলেন, ‘আমাদের গ্রাম থেকে দিরাই শহর মাত্র ১০০ গজ দূরে। কিন্তু শহরে যেতে সময় লাগে এক ঘণ্টা। যেদিন ঝড়-বৃষ্টি বেশি হয় সেদিন আর খেয়া পাড়ি দিয়ে শহরে যাওয়া যায় না।’দিরাই ডিগ্রি কলেজের ছাত্রী পপি বর্মণ বলেন, ‘আমাদের বাড়ি থেকে কলেজ যেতে সময় লাগার কথা ১৫ মিনিট। কিন্তু চান্দপুরের খেয়া নৌকায় পার হতে সময় লাগে কমপক্ষে ৩০ মিনিট। খেয়া ধরতে না পারলে সেদিন পরের খেয়ায় নদী পার হয়ে কলেজের ক্লাস আর ধরা যায় না। তা ছাড়া নদীর পাড় থেকে শহরের রাস্তায় উঠতে কোনো রাস্তা না থাকায় বাঁশের সাঁকো বেয়ে ওপরে উঠতে হয়। এতে কষ্ট দ্বিগুন বেড়ে হয়।’জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু এহিয়া বলেন, ‘কালনী নদীতে একটি সেতু দিরাই পূর্বাঞ্চলের লাখো মানুষের দীর্ঘ দিনের দাবি। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। এ নদীতে চলাচল করতেন বাউলসম্রাট শাহ আবদুল করিম। তাঁর স্মৃতি-বিজড়িত নদীটিতে কবে যে সেতু হবে একমাত্র আল্লাই জানেন।’দিরাই উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ জানান, তাড়ল ইউনিয়নের দল গ্রামের বাসিন্দা বাউলসম্রাট এ নদী পারাপার হয়েই চলাচল করতেন। এ নদীর নামে তাঁর একটি প্রকাশনাও আছে। অথচ এ নদীতে আজও একটি সেতু হয়নি।সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি যখন এমপি ছিলাম তখন কালনী নদীতে সেতু নির্মাণের প্রাথমিক পরিকল্পনা শেষ করেছিলাম। কিন্তু তত্কালীন সরকারি দলের নেতা সুরঞ্জিত সেন গুপ্তের বিরোধিতায় সেতু নির্মাণ সম্ভব হয়নি।’এদিকে স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত জানান, এ সরকারের আমলেই কালনী নদীতে সেতু হবে।