সেদিন তিনিও এসেছিলেন
বঙ্গবন্ধু স্টেডিয়ামের চারপাশে তখন উত্সবের ঢেউ। উত্তাপটা টের পাওয়া যাচ্ছিল নূর হোসেন চত্বর থেকে। ছেলে, বুড়ো, কিশোর, যুবা একযোগে হেঁটে চলেছেন স্টেডিয়ামের দিকে। নিরাপত্তার চাদরে মোড়ানো স্টেডিয়ামের আশপাশে কোনো গাড়িও ঢুকতে দিচ্ছিল না। আর কিছুক্ষণ পরই যে শুরু দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমস। স্টেডিয়াম চত্বরে কোনো গাড়ি না ঢুকলেও হুইল চেয়ারে বসে ২৯ জানুয়ারির মিলনমেলায় শামিল হয়েছিলেন এক প্রবীণ নারী। বয়স ছুঁয়েছে ৭০। কিসের এত টানে অসুস্থ শরীরে এলেন এই আনন্দযজ্ঞে! আসলে তিনি এসেছিলেন এসএ গেমসের মশাল প্রজ্বালনের সারথিদের একজন হয়ে। তাঁকে এই সম্মাননা দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। অনুষ্ঠান শুরুর আগে যে মশাল হাতে নেন পাকিস্তান অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলেট জিনাত আহমেদ, সেটা সাঁতারু বজলুর রহমান, ক্রিকেটার রকিবুল হাসান, শুটার আতিকুর রহমান, বক্সার মোশারফ হোসেন, ফুটবলার জুয়েল রানা হয়ে আসে তাঁর হাতে। পাকিস্তান অলিম্পিকে ৮০ মিটার হার্ডলসে সোনাজয়ী প্রথম বাংলাদেশি নারী লুত্ফুন্নেসা হক বকুল এই আনন্দের অংশীদার হতেই এসেছিলেন। বকুলের হাত ঘুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা (বীর বিক্রম), শুটার শাহানা পারভীন, অ্যাথলেট মাহবুব আলমের পর যেটি জ্বালালেন কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। লুত্ফুন্নেসা বকুলের আসলে এভাবে আসার কথা ছিল না। গত ৩১ ডিসেম্বর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হঠাত্ করেই শয্যাগত হয়ে পড়েন। ভর্তি হন হাসপাতালে। একটু সুস্থ হতেই খোঁজ করতে থাকেন কবে হবে এসএ গেমস। না, তাঁকে কেউ নিরাশ করেনি। ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরা এই নারীকে দিয়েছে সেদিন অনেক সম্মান। এখানে এলেই যে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন! মনে পড়ে ছেলেবেলার কথা। যখন টিকাটুলির কামরুন্নেসা স্কুলে ক্লাস সেভেনে পড়তেন, তখন থেকেই তো খেলাধুলায় হাতেখড়ি। এরপর এই গেমস, সেই গেমস। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের খেলা হলেই সেখানে অবধারিত চলে আসত বকুলের নাম। ক্রীড়াঙ্গনে এখনো ‘বকুল আপা’ নামেই যাঁকে চেনে।দুই ছেলে নিসার আহমেদ ও রাশেদ আহমেদের কেউই মায়ের পথে পা বাড়াননি। মা কিন্তু দুজনকেই দিয়েছিলেন খেলাধুলার ব্যাপারে অপার স্বাধীনতা। বড় ছেলে তেমন আগ্রহী না হলেও ছোট ছেলে মাঝেমধ্যে ক্রিকেট খেলতেন। ওই পর্যন্তই। নিসার আহমেদ এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সহযোগী অধ্যাপক। ছোট ছেলে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। লুত্ফুন্নেসা পেশাগত জীবনে জাতীয় শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন প্রায় দেড় যুগ। এখন অবসর জীবন। কিন্তু অবসরে থাকলেও মন পড়ে থাকে অ্যাথলেটিক ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ, মহিলা ক্রীড়া সংস্থায় কিংবা কোনো খেলার মাঠে। অসুস্থ শরীরে কথা বলতে কষ্ট হয়। তবু জানালেন, ‘পৃথিবী এখন অনেক এগিয়েছে। মেয়েরাও অনেকে আসছে খেলাধুলায়। এগুলো দেখতেই ভালো লাগে।’