সেনবাগ পৌরসভা নির্বাচনে পুনঃ ভোট গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগ পৌরসভা নির্বাচনে পুনঃ ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল আটটায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।তবে সকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল।রিটার্নিং কর্মকর্তা বজলুর রহমান সকাল সাড়ে আটটার দিকে প্রথম আলোকে জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি। প্রতিটি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিরাপত্তার দায়িত্বে আছেন পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য। এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন। উল্লেখ্য, এর আগে গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, নির্বাচনী কর্মকর্তাদের মারধরসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এ পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এখানে মোট ভোটার ১০ হাজার ১১৯ জন। নির্বাচনে মেয়র পদে নয়জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।