সেনবাগে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮, আটক ৪
নোয়াখালীর সেনবাগের কুতুবেরহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালের এই ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় ছাত্রশিবিরের কিছু কর্মীও যুবলীগের এক পক্ষের হয়ে সংঘর্ষে অংশ নেন। সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগের চার কর্মীকে আটক করেছে। আহত যুবলীগ কর্মীদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ফারুক (২০), সাইফুল (১৮), আনোয়ার (২৫) ও শান্ত। তাঁদের নোয়াখালীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কুতুবেরহাট বাজারে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুটি পক্ষ সক্রিয় হয়ে ওঠে। এক পক্ষে জেলা যুবলীগের সদস্য আবুল বাসার ওরফে মির্জা ও মোস্তফা এবং অন্যপক্ষে বিষ্ণুপুর গ্রামের মিলন নেতৃত্ব দিয়ে আসছেন। দুই পক্ষের মধ্যে গত কয়েক মাসে পাল্টাপাল্টি একাধিক হামলার ঘটনাও ঘটেছে।এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় মির্জা ও মোস্তফার সমর্থকেরা বিষ্ণুপুরের কাউকে বাজারে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এরপর বিষ্ণুপুরের যুবলীগের কর্মী মিলন ও শিবিরকর্মী ছায়েদের নেতৃত্বে ১০-১২ জন আজ রোববার বেলা ১১টার দিকে বাজারে মহড়া দেন। এর কিছুক্ষণ পর মির্জা ও মোস্তফার সমর্থকেরাও বাজারে মহড়া দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় চার-পাঁচটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন যুবলীগের মির্জা-মোস্তফা ও মিলনের পক্ষের মধ্যে মারামারির সত্যতা নিশ্চিত করেছেন এবং এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষই মামলা দায়ের করেনি।জেলা যুবলীগের সদস্য আবুল বাসার ওরফে মির্জা প্রথম আলোকে জানান, ঘটনার সময় তিনি জেলা সদরে ছিলেন। তবে এলাকা থেকে খবর পেয়েছেন এলাকার যুবলীগ নামধারী কিছু সন্ত্রাসী শিবিরের ক্যাডারদের সঙ্গে নিয়ে তাঁর পক্ষের বেশ কয়েকজনকে মারধর করে এবং বাজারে ত্রাসের রাজত্ব কায়েম করে।তবে শিবিরের সেনবাগ দক্ষিণ শাখার সভাপতি কেফায়েত উল্লা দাবি করেন, ছায়েদ একসময় শিবির করতেন। এখন তিনি কুতুবেরহাট বাজারের ব্যবসায়ী এবং বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। গ্রামে গ্রামে বিরোধ হওয়ায় হয়তো তিনি তাঁর গ্রামের পক্ষে থাকতে পারেন। এর সঙ্গে তাঁদের দলীয় কোনো সম্পর্ক নেই।