সেনবাগে সংঘর্ষে আহত ৪২, ১৪৪ ধারা
নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া বাজারে গতকাল বুধবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত দুটি পক্ষের দফায় দফায় সংঘর্ষে ৪২ জন আহত হয়েছেন। এ ঘটনায় আজ বেলা দুইটা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর একটি যাত্রীবাহী ইজিবাইককে সাইড দিতে দেরি করায় উভয় যানের চালক ও সহকারী চালক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর রেশ ধরে গতকাল রাত নয়টার দিকে ছাতারপাইয়া পূর্ব ও পশ্চিমপাড়ার বাসিন্দারা সংঘর্ষে লিপ্ত হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত সেখানে দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও তারা ব্যর্থ হয়। পরে পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ গিয়ে পাঁচটি রাবার বুলেট ও টিয়ারগ্যাসের সাতটি সেল নিক্ষেপ করে এবং দুই পক্ষকে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনার পর রাতভর বাজার ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন ছিল। আজ সকাল আটটার দিকে পুলিশ ফিরে গেলে সকাল ১০টার দিকে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। বেলা একটায় নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাজারি ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশের শটগানের গুলিতে ফারুক (২৭) নামের একজনসহ আরও সাতজন আহত হন। এরপর সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজ বেলা দুইটা থেকে এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে এ আদেশ বহাল থাকবে।গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের লাঠিপেটায় অন্তত ৪২ জন আহত হয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছে। তাঁদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হচ্ছে।