সেনা অভ্যুত্থান চেষ্টার বিচার শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন মেজর জেনারেল এবং একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ ১৫ কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে দুজন অবসরপ্রাপ্ত এবং ১৩ জন কর্মরত।এঁদের বিচারের জন্য গত সোমবার মেজর জেনারেল পদের একজন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের সামরিক আদালত গঠন করা হয়। আগামী সপ্তাহ থেকে এ আদালতের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানা গেছে।আদালত গঠনের ব্যাপারে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কর্মকর্তারা বলেন, তাঁরা কিছু জানেন না। তবে উচ্চপর্যায়ের সেনা সূত্র প্রথম আলোকে জানান, এ ঘটনা তদন্তে গঠিত ১১টি তদন্ত আদালতের কাজ এর আগেই শেষ হয়। তদন্ত আদালত ১৫ কর্মকর্তাকে অভিযুক্ত করে তাঁদের বিচারের মুখোমুখি করার সুপারিশ করে। এরপর গত সোমবার তিন সদস্যের একটি আদালত গঠন করা হয়। এ আদালত ঢাকা সেনানিবাসে বসে বিচার সম্পন্ন করবেন।নিয়ম অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে লিখিতভাবে জানানো হয় তাঁদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আছে। অভিযুক্ত ব্যক্তিদের জবাব পাওয়ার পর অভিযোগ চূড়ান্ত করা হয়। সূত্র আরও জানায়, সেনা বিদ্রোহের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রবাসী ব্যবসায়ী ইশরাক আহমেদ এবং কর্মরত অবস্থায় আত্মগোপন করা মেজর সৈয়দ মো. জিয়াউল হকের কোনো খোঁজ মেলেনি। ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে জিয়াকে সন্দেহ করা হয়। জিয়া এ ঘটনা নিয়ে একাধিক সেনা কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন। এ সম্পর্কিত ফোনালাপের তথ্য তদন্ত আদালত গ্রহণ করেন। জিয়াকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ কারণে এঁদের ছাড়াই বিচার হচ্ছে।গত ১৯ জানুয়ারি সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বলা হয়, সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কিছু সদস্য দেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত এবং সেনাবাহিনীতে অভ্যুত্থানের চেষ্টা করে। গত বছরের ১৩ ডিসেম্বর এ পরিকল্পনা সেনাবাহিনী জানতে পারে। এরপর ঘটনা তদন্তে ২৮ ডিসেম্বর সেনা সদর একটি তদন্ত আদালত গঠন করে। ছয় সদস্যের এ তদন্ত আদালতের প্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল পদ মর্যাদার একজন কর্মকর্তা। সূত্র জানায়, সেনা কর্মকর্তারা আশা করেছিলেন, গত ফেব্রুয়ারির মধ্যে তদন্ত আদালত কাজ শেষ করতে পারবে। এ কারণে ঢাকা ও ঢাকার বাইরে মিলে প্রথমে পাঁচটি ও পরে আর ছয়টিসহ মোট ১১টি তদন্ত আদালত গঠন করা হয়। তবে সবকিছু গুছিয়ে উঠতে অনেক সময় লেগে যায়। আদালত মোট ৭৪ কর্মকর্তার বিরুদ্ধে পাওয়া অভিযোগ তদন্ত করে ও তাঁদের জবানবন্দি গ্রহণ করে। এঁদের মধ্যে আটজন বিভিন্ন সময় ফৌজদারি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এসব জবানবন্দিতে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসব জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে পরে ১৫জনকে অভিযুক্ত করা হয়। বিচারের জন্য ১৫ কর্মকর্তাকে লগ এলিয়ার সংযুক্ত করা হয়। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, এ ঘটনার সঙ্গে সেনাবাহিনীর মধ্যম পর্যায়ের ১৪ থেকে ১৬ জন কর্মকর্তা জড়িত থাকতে পারেন।