সেনা অভ্যুত্থানের চেষ্টার তদন্ত চলছে: দীপু মনি
বর্তমান সরকারকে উত্খাতে সেনাবাহিনীর কিছু সদস্যের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, এ ব্যাপারে আদালত গঠিত হয়েছে, তদন্ত চলছে। অতএব, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ সম্পর্কে কোনো তথ্য দেওয়া সম্ভব নয়। তবে গণতন্ত্রকে বিপন্ন করে এ রকম কাজ কোনোভাবেই সহ্য করা যায় না, সহ্য করা হবে না।আজ শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার চরফতেজংপুর এলাকায় কয়েকটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।ষড়যন্ত্রের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, তদন্ত করে দেখা হচ্ছে। তবে, যেভাবে কোনো কোনো মহল থেকে বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে অতি সম্প্রতি উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে, তা বেশ দায়িত্বহীন ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য।মন্ত্রী বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী আজকে সারা বিশ্বে তাদের পেশাদারিত্ব ও দক্ষতায় অনন্য ভূমিকার জন্য সারা বিশ্বে প্রশংসিত। এ রকম সময়ে দেশ যখন তার অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কোনো কুচক্রী মহল গণতন্ত্রকে বিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সেই অপচেষ্টাকে সেনাবাহিনী প্রতিহত করেছে এবং এর রহস্য উদঘাটনের ব্যাপারে তারা কাজ করছে—সে জন্য আমি সেনাবাহিনীকে সাধুবাদ জানাই।’আজ চরফতেজংপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন দীপু মনি। এ ছাড়া শীতার্ত আড়াই শ পরিবারের মাঝেও কম্বল বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।