সেনা আইনে এরশাদের বিচার হতে পারে: আনিসুল হক
সেনা আইন ১৯৫২-এর অধীনে ‘সেনাবিদ্রোহ ও আইন অমান্যের’ জন্য সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিচারের সম্মুখীন করা যেতে পারে। আজ সোমবার বিশিষ্ট আইনবিদ আনিসুল হক এ কথা বলেছেন।১৯৮২ সালের ২৪ মার্চ বিচারপতি আবদুস সাত্তারের নির্বাচিত সরকারকে উত্খাত করে ক্ষমতা দখল করে সামরিক আইন জারি করেন তত্কালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। সেনা আইনের ৩১ নম্বর ধারা অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।ইউএনবিকে দেওয়া এক সাক্ষাত্কারে আনিসুল হক বলেছেন, সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের পর এখন সেনা অভ্যুত্থানকারীদের বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত। সর্বোচ্চ আদালতের এই রায়ের পর সংসদে এ নিয়ে একটা আইনও প্রণয়ন করা যেতে পারে বলে মত দিয়েছেন আনিসুল হক।এরশাদকে কীভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান বা প্রচলিত দণ্ডবিধি কোনোটাই এই বিচারের সুযোগ দেয় না। দণ্ডবিধিতে কোনো সুনির্দিষ্ট ধারা নেই, যার মাধ্যমে কোনো সামরিক শাসককে বিচারের মুখোমুখি করা যেতে পারে। সংবিধানের ৩৫(১) ধারা এই বিচারের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক।