সেনা আবাসন প্রকল্পের (আর্মি হাউজিং স্কিম বা এএইচএস) আকার ছোট করা হতে পারে। ২৭ হাজার প্লটের বদলে এখন প্রকল্পের প্লটের সংখ্যা আট হাজারে নামিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ সদর ইউনিয়নের ২৪ মৌজায় প্রক্রিয়াধীন এই প্রকল্পের নামও পরিবর্তন করে মিলিটারি হাউজিং স্কিম (এমএইচএস) রাখা হতে পারে। জমি কেনা নিয়ে সংঘর্ষের ঘটনার পর প্রকল্পটিকে আরও বাস্তবসম্মত করার চেষ্টা চলছে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে শুধু সেনাবাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্লট দেওয়ার কথা থাকলেও এখন নৌ ও বিমানবাহিনীতে কর্মরত কর্মকর্তাদেরও প্রকল্পের প্লট দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে প্লটের সংখ্যা ও আকার ছোট করা হলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বাদ পড়তে পারেন। দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, একটি আবাসন কোম্পানি এই প্রকল্পের জন্য ৫০০ বিঘা জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু দেয়নি। তার পরও প্রকল্পের কাজ যাতে সময়মতো শেষ করা যায়, সে কারণে এসব সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। পরে তা প্রস্তাব আকারে সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হতে পারে। আর্মি হাউজিং স্কিমের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গণি প্রথম আলোকে বলেন, ‘আমরা পরিচালনা পর্ষদের সভায় বর্তমান পরিস্থিতি বর্ণনা করব। কী করা হবে, সেই সিদ্ধান্ত নেবে পরিচালনা পর্ষদই। এ ব্যাপারে কারও একক সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই।’সূত্র জানায়, রূপগঞ্জে সহিংস ঘটনায় একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ে পদস্থ সেনা কর্মকর্তারা বৈঠক করে এই প্রকল্পের ব্যাপারে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করেন। অভিমত আসে, আবাসন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অপরিপক্ব কর্মকাণ্ডের কারণেই জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। প্রকল্পের লোকজন বিভিন্ন অফিসে যোগাযোগ ও নির্দেশনা দিতে গিয়ে জনগণের বিরক্তির কারণ হয়েছে। এ ছাড়া বিনা নোটিশে বেসামরিক এলাকায় সামরিক সাইনবোর্ড দেওয়ার বিষয়টি স্থানীয় জনগণ মেনে নিতে পারেনি। এসব নিয়ে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়।যোগাযোগ করা হলে সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, সেনাসদস্যদের আবাসন প্রকল্পের জমি কেনা নিয়ে ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যদি প্রকল্পের আকার কমে যায়, তাহলে সামাল দেওয়া সহজ হবে।সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, এতগুলো জমি একসঙ্গে পাওয়া নিয়েই সব ঝামেলা হয়েছে। এটা সীমিত করলে এই সমস্যা দূর হতে পারে। তবে এটাই মূল সমাধান নয়। শনিবারের ঘটনা কারা কীভাবে ঘটাল, তার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।শনিবারের ঘটনার বিশ্লেষণে কয়েকটি বিষয় সামনে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জমি কেনা নিয়ে স্থানীয় জনগণের অভিযোগ আমলে না নেওয়া, সামরিক কায়দায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, ২৪টি মৌজার জমি নিবন্ধন বন্ধ করে দেওয়া। এসব কর্মকাণ্ডে কর্মকর্তাদের আরও কৌশলী হওয়ার প্রয়োজন ছিল বলে মনে করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের বিশ্লেষণ হচ্ছে—পেশাদার লোক না থাকার কারণেই জমি কেনা নিয়ে অসন্তোষ দেখা দেয়। এখন এ জন্য দক্ষ কর্মকর্তাদের প্রকল্পে যুক্ত করার পরামর্শ এসেছে। প্রয়োজনে এর সঙ্গে রাজউক ও গণপূর্ত অধিদপ্তরকে যুক্ত করার কথা ভাবা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রকল্পে ২৭ হাজার প্লটের জন্য যে বিপুল জমি দরকার, তা সংগ্রহ করা দুরূহ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে প্লটের আকার কমিয়ে আট হাজারের মধ্যে রাখার চিন্তা চলছে। তিন বাহিনীতে বর্তমানে কর্মরত আছেন এমন কর্মকর্তাদেরই শুধু প্লট দেওয়ার কথা ভাবা হচ্ছে এখন। সেনাবাহিনীতে আগে কর্মরত ছিলেন অথবা মারা গেছেন, এমন কর্মকর্তাদের প্লট না দেওয়ার চিন্তা চলছে। সেনাসূত্র জানায়, এর আগে ২০০৭ সালের মার্চ-এপ্রিল মাসে মিরপুরে কালারশাহ মাজারে সেনা কর্মকর্তাদের ফ্ল্যাট দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। এরপর গত বছরের অক্টোবরে সেনা কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে এএইচএস হাতে নেওয়া হয়। প্রকল্পটির অবস্থান ধরা হয় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নাওরা, বরুনা, হরিণা, তানমুশরি, তাগাবেল নাওড়া, বাড়িছানি, পূর্বগ্রাম, নগরপাড়া, কায়েতপাড়াসহ আশপাশের বেশ কিছু গ্রাম।প্রকল্পের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জানুয়ারি মাসে প্রকল্পটি অনুমোদন করেন। এই প্রকল্পকে একটি লিমিটেড কোম্পানি করে পৃথক কার্যালয়ও করা হয়। কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লে. জেনারেল ইকবাল করীম ভূঁইয়া এর চেয়ারম্যান এবং ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গণিকে ব্যবস্থাপনা পরিচালক করা হয়। প্রকল্পের আয়তন ধরা হয় ১৩ হাজার বিঘা। ২০১৫ সালের মধ্যে এটি শেষ হওয়ার পরিকল্পনা করা হয়। প্রকল্পের জন্য সেনাবাহিনী এ পর্যন্ত এক হাজার ৪০০ বিঘা জমি কিনেছে। এই প্রকল্পের জন্য গত এপ্রিল ও জুলাই মাসে সেনা কর্মকর্তাদের কাছ থেকে দুই কিস্তিতে চার লাখ করে আট লাখ টাকা জমা নেওয়া হয়। প্রথম পর্যায়ে চার হাজার ৮০০, পরে দ্বিতীয় পর্যায়ে তিন হাজার সেনা কর্মকর্তা প্লটের জন্য আবেদন করেন এবং কিস্তির টাকা পরিশোধ করেন। এ নিয়ে প্রকল্পে এখন পর্যন্ত জমা হয় ৬২৪ কোটি টাকা।সেনা আবাসন প্রকল্প চলবে: সেনা আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গণি গত রাতে বিবিসিকে বলেছেন, কিছু মহলের চক্রান্তের কারণে রূপগঞ্জে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন সাধারণ মানুষ যদি জমি দেয়, তবে অবশ্যই প্রকল্প চলমান থাকবে। তবে প্রকল্পটি সেনাবাহিনীর না হলেও প্রকল্প এলাকায় অস্থায়ী সেনাক্যাম্প করার কথা তিনি স্বীকার করেন। নাসিমুল গণি বলেন, ‘আমরা বেশ কিছু জমি কিনেছি। এই ক্যাম্পগুলোয় বেশ কিছু বেসামরিক লোক কাজ করেছে। তাঁদের সহায়তা দেবার জন্যই এই ক্যাম্পগুলো আমরা ওখানে স্থাপন করেছিলাম। পাশাপাশি ক্যাম্পের সদস্যরা তাঁদের যে ব্যক্তিগত প্রশিক্ষণ আছে, তা-ও চালু রেখেছিল।’জমি বেচার জন্য জোরজবরদস্তি এবং আলোচনার জন্য কয়েকজন গ্রামবাসীকে ক্যাম্পে ডেকে গুলি করার অভিযোগের জবাবে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ অসত্য। আমি মনে করি, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এই অপপ্রচার করা হচ্ছে। আমি আপনাদের বলছি, জমি বিক্রয় করাটা অত্যন্ত আবেগের। এই আবেগটাকে যদি কেউ ব্যবহার করতে চায়, তাহলে যে কেউ ভালোও করতে পারে, মন্দও করতে পারে। আমি মনে করি, জমি বিক্রয়ের আবেগটাকে নিয়ে কেউ কেউ সাধারণ কিছু কিছু বিপথগামী মানুষকে বিপজ্জনকভাবে ব্যবহার করেছে।’ এ পেছনে কোনো চক্রান্ত আছে কি না—জানতে চাইলে নাসিমুল গণি বলেন, ‘এই মুহূর্তে এটা বলা ঠিক হবে না। কারণ দেশের প্রচলিত আইন আছে, পদ্ধতি আছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন, তাঁরা পুরো বিষয়টি বলবেন।’ প্রকল্পের রাজউকের অনুমোদনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে নীতিগতভাবে অনুমোদন নিয়েছি। অনুমোদন হওয়ার পরে নিয়ম হলো কিছু জমি কিনতে হবে। কেনার পর একটা পরিকল্পনাসহ রাজউকের কাছে উপস্থাপন করতে হবে। আমরা এক হাজার বিঘার মতো জমি কিনেছি। আমাদের মাস্টার প্ল্যানের কাজ চলছে। আমরা আশা করেছিলাম হয়তো বা ফেব্রুয়ারি, ২০১১-এর মধ্যে রাজউকের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে পারব অনুমোদনের জন্য।’প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে নাসিমুল গণি বলেন, ‘এই প্রকল্প আমাদের সবার কল্যাণের জন্য, আবাসনের জন্য। এখানে অনেক হাউজিং কোম্পানি আছে, তারাও জমি কিনছে। সাধারণ মানুষ যদি আমাদের কাছে বিক্রি করে তাহলে আমরা কিনব, নয়তো কিনব না। তাদেরকে উপযুক্ত মূল্য দেব। এখানে কোনো জোরজবরদস্তি বা কোনো কিছুর প্রশ্রয় আসে না। সাধারণ মানুষ যদি জমি দেয় তবে অবশ্যই প্রকল্প চলমান থাকবে।