সেনা আবাসন প্রকল্প বাতিল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় গড়ে ওঠা ‘আর্মি হাউজিং স্কিম’ (সেনা আবাসন প্রকল্প) বাতিল করার দাবি জানিয়েছে মানবাধিকার ও পরিবেশবিষয়ক আটটি সংগঠন। এ প্রকল্পের জমি কেনা নিয়ে গত বছরের ২৩ অক্টোবর যে সহিংস ঘটনা ঘটেছে, তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তারা। গতকাল রোববার সকালে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনগুলোর পক্ষে লিখিত বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য যে পন্থা নেওয়া হয়েছে, তা প্রচলিত ভূমিদস্যুতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক মহসিন আলী খান এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। এ ছাড়া সহিংস ঘটনায় নিহত মোস্তফা জামালের বাবা আবদুর রফিক, নিখোঁজ আবদুস সালামের বাবা শহর আলী, একজন আহত ব্যক্তির মা আছিয়া বেগমসহ এলাকার কয়েকজন বাসিন্দা উপস্থিত ছিলেন। তাঁরা ওই সময়ের ঘটনার বর্ণনা দেন। লিখিত বক্তব্যে সুলতানা কামাল বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রূপগঞ্জের কথিত আর্মি হাউজিং স্কিমের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। এ প্রকল্প নিয়ে গত ২৩ অক্টোবর রূপগঞ্জে যা হয়েছে, তাতে এলাকার সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় এ প্রকল্প অনুমোদন করা হয়নি। প্রকল্প তৈরির ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাবও বিবেচনা করা হয়নি। প্রকল্পের সুফলভোগী কতসংখ্যক সেনাসদস্য জমি পাবেন, আর কতজন জমি হারাবেন, তার কোনো পরিসংখ্যান নেই। এ প্রকল্পের ব্যাপারে সাধারণ মানুষের মতামতও যাচাই করা হয়নি। এমনকি প্রকল্পটি বাস্তবায়নে কোনো লিখিত ও স্বচ্ছ রূপরেখা নেই। তিনি বলেন, সেনাসদস্যরা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের নামে এলাকায় সেনাক্যাম্প স্থাপন করেন। এরপর ভয়ভীতি দেখিয়ে মানুষকে জমি বিক্রি করতে বাধ্য করেছেন।এ প্রকল্পের জমি কেনা নিয়ে সহিংসতায় একজন নিহত, ১৭ জন আহত এবং অন্তত তিনজন নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করে সুলতানা কামাল বলেন, ঘটনার তিন মাস পরও এ নিয়ে সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। এ ব্যাপারে জানতে চেয়ে সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও আটটি সংগঠনকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।সুলতানা কামাল বলেন, আইনি প্রক্রিয়া দূরে থাক, সন্তানের লাশ পর্যন্ত ঠিকমতো দাফন করার সুযোগ পায়নি নিহত মোস্তফা কামাল হায়দারের পরিবার। তাদের দায়ের করা মামলায় আটবার পরিবর্তন আনা হয়েছে। নিখোঁজ তিনজনকে খুঁজে বের করার জন্য সেনাবাহিনী, র‌্যাব ও অন্যান্য সংস্থার কাছে দাবি জানান তিনি।সুলতানা কামাল বলেন, ভূমি দখলের প্রক্রিয়ায় সরকার, সেনাবাহিনী, বেসরকারি আবাসন কোম্পানিগুলোর অপতৎপরতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রূপগঞ্জের মানুষ প্রতিবাদমুখর হয়ে ওঠে। কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের ২৪টি মৌজার ৪০টি গ্রামের ব্যক্তিমালিকানাধীন জমি হস্তান্তরে অলিখিত বাধা সৃষ্টি করা হয়। তারা প্রকল্পের নামে বাজারদরের তুলনায় অবিশ্বাস্য কম মূল্যে এবং জোর করে জমি কেনার অপচেষ্টা করে। এ প্রক্রিয়ার বিরুদ্ধে এলাকাবাসীর আপত্তি ও উদ্বেগকে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা, প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা মূল্যায়ন করেননি। এ কারণেই সেখানে সহিংসতার জন্ম হয়েছিল। সুলতানা কামাল বলেন, জমি কেনাবেচার কাজে বেসরকারি আবাসন কোম্পানির মতো সেনাবাহিনীও দালালের সাহায্য নিয়েছিল। এসব দালাল এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। সেখানে ক্যাম্প স্থাপন, জমি কেনাবেচায় হস্তক্ষেপ, জমির মূল্য নির্ধারণ—কোনো ক্ষেত্রেই প্রচলিত আইন মানা হচ্ছিল না। এমনকি ক্ষতিগ্রস্তদের ব্যাপারেও কোনো স্পষ্ট নীতিমালা ছিল না। সুলতানা কামাল বলেন, প্রকল্পের জন্য চিহ্নিত এলাকাটি রাজউকের মূল বন্যাপ্রবাহ এলাকা হিসেবে চিহ্নিত। পরিবেশ অধিদপ্তর, রাজউক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কোনো অনুমোদনও নেই। শুধু প্রধানমন্ত্রীর অনুমতি ছিল বলে দাবি করা হয়েছে।সংবাদ সম্মেলনে ন্যায়বিচার নিশ্চিত করতে নয় দফা সুপারিশ তুলে ধরা হয়। এসবের মধ্যে রয়েছে রূপগঞ্জের কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের জনমতের বিরুদ্ধে কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না, ভূমি যার, অধিকার তার—এই সত্যকে সমুন্নত রাখতে হবে। গুলিবর্ষণের ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। সহিংস ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।