সেনা কর্তৃপক্ষ দেখে শুনেই এ বিচার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংসদ ফজলে নূর তাপসকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় পাঁচ সেনা কর্মকর্তার কারাদণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, কোনো সেনা কর্মকর্তা অন্যায়-অপরাধ করলে সেনা আইনেই তাঁর বিচার হয়। সেনা কর্তৃপক্ষ অবশ্যই দেখেশুনে ও সাক্ষ্য নিয়ে এ বিচার করেছে। গতকাল শনিবার টাঙ্গাইল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার তদন্ত এ বছরই শেষ হবে বলে আশা রাখি।’ আইনশৃঙ্খলা কমিটির সভায় দেওয়া বক্তব্যে সাহারা খাতুন বলেন, আসন্ন ঈদুল আজহার সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রয়োজনে কোরবানির পশুর হাট এবং পশু পরিবহনে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হবে। যাত্রা, মেলা ইত্যাদি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজকে কলুষিত করে না, বরং এগিয়ে নেয়—এ ধরনের যাত্রাশিল্পকে আমরা স্বাগত জানাব। তবে যাত্রা, মেলা ইত্যাদির নামে কোথাও যেন জুয়া খেলা না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হবে। জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাংসদ খন্দকার আবদুল বাতেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী তালুকদার, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম খান, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ প্রমুখ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইল জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।