সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মেজর মঞ্জুর কাদিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজধানীর বাড্ডা থানার আকন্দবাড়ী কালাচাঁদপুর লিচুবাগান রোডের বাসিন্দা ও ঠিকাদার সেন্টু মিয়া আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন।ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত শাহরিয়ার আরাফাত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এ বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি।মামলায় অভিযোগ করা হয়, মেজর মঞ্জুর আশুলিয়ার জামগড়া নামক স্থানে গত বছর দিয়াখালী হাউজিং প্রকল্পে সাত তলাবিশিষ্ট ভবন নির্মাণের জন্য বাদীর সঙ্গে একটি চুক্তি করেন। সেন্টু মিয়া চুক্তি অনুযায়ী কাজ শুরু করেন এবং দ্বিতীয় তলা পর্যন্ত ছাদ ঢালাই শেষ করতে চার লাখ ৫৬ হাজার টাকা খরচ করেন। এই টাকার মধ্যে মঞ্জুর তিন লাখ টাকা পরিশোধ করেন এবং বাকি এক লাখ টাকার বিপরীতে ব্যাংক চেক দেন। ব্যাংকে টাকা না থাকায় ওই ব্যাংক চেকটি ফেরত দেয়। চুক্তি অনুযায়ী সেন্টু প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সাত লাখ ৭০ হাজার টাকার নির্মাণসামগ্রী ক্রয় করেন। বাদী পাওনা টাকা ফেরত চাইলে মঞ্জুর টাকা না দিয়ে তাঁকে হত্যার হুমকি দেন। পাওনা টাকা এবং এ সংক্রান্ত বিষয়গুলো জানিয়ে বাদী গত বছর ১৭ অক্টোবর সেনা সদর দপ্তরে অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানতে পেরে মঞ্জুর প্রকল্পের কাজ বন্ধ করে দেন। এখন মঞ্জুর প্রতারণার মাধ্যমে পাওনা টাকা ও নির্মাণসামগ্রী আত্মসাতের চেষ্টা করছেন—এই অভিযোগে মামলা দায়ের করা হয়।