সেনা কর্মকর্তারাও এরশাদের রাজনীতি পছন্দ করেননি: ব্লেডার
জার্মানির হাইডেলবার্গ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট রিসার্চের সদস্য ক্রিস্টিন ব্লেডার বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত। তিনি বলেন, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।আজ সোমবার রাজধানীর গুলশানের জার্মান হাউসে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে এ কথা বলেন ক্রিস্টিন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ক্রিস্টিন ব্লেডার। তিনি হাইডেলবার্গ ইনস্টিটিউটে সামরিক ও বেসামরিক সম্পর্ক নিয়ে একটি গবেষণাও করেছেন। সেই গবেষণার আলোকে তিনি এই বক্তব্য দেন।বাংলাদেশের সামরিক-বেসামরিক প্রশাসনের সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে ক্রিস্টিন বলেন, সামরিক সরকারের ওপর বেসামরিক নেতৃত্ব জরুরি। তবে উচ্চপদে নিয়োগের সময় কোনো দল বা কোনো গোষ্ঠীর আনুগত্যের চেয়ে পেশাগত দক্ষতা ও যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আর সব দেশের সামরিক বাহিনীকেই পেশাদার বাহিনী হিসেবে শক্তিশালী করা উচিত।ক্রিস্টিন আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তা ও যুদ্ধ না করে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া কর্মকর্তার মধ্যে শুরুতেই দ্বন্দ্ব ছিল। এই সমস্যাই পরে বেড়েছে। এর সঙ্গে ভারতবিরোধী মনোভাব, ঔপনিবেশিক সমস্যা—এগুলো তো ছিলই।’ক্রিস্টিন বলেন, ‘এ দেশের সর্বশেষ সামরিক সরকার ছিল এরশাদ। তিনি সব সময় সেনাবাহিনীর ওপর তাঁর নিয়ন্ত্রণ রেখেছিলেন এবং সেনাবাহিনীই ছিল তাঁর মূল শক্তি। তবে একপর্যায়ে এসে সেনাবাহিনীর কর্মকর্তারাও তাঁর রাজনীতি পছন্দ করেননি। পরে সব রাজনৈতিক দল এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে।’বিআইপিএসএসের সভাপতি এ এন এম মুনিরুজ্জামান বলেন, ‘গণতান্ত্রিক সব দেশেই সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ থাকে। এটি জরুরি। এর জন্য সংসদীয় কমিটি, বাজেটে স্বচ্ছতা, প্রতিবছর সেনাবাহিনীর প্রতিবেদন প্রকাশ করা যেতে পারে।’অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, রাষ্ট্রদূত হারুন-অর-রশিদ, স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক নাথ, হলিডের সম্পাদক সৈয়দ কামালউদ্দিনসহ সাবেক কূটনীতিক ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।