সেনা তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শন একজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা হামলা করে আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলে নূর তাপসকে হত্যাচেষ্টার ঘটনায় সেনা কর্তৃপক্ষের তদন্ত (কোর্ট অব ইনকোয়ারি) চলছে। চার সদস্যের তদন্ত দল গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মতিঝিলে গিয়ে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে সকালে তাঁরা বোমা হামলার পর জব্দ করা আলামত পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেন। ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা তদন্ত দলের নেতৃত্ব দেন।যোগাযোগ করা হলে তদন্ত দলের সদস্য-সচিব লে. কর্নেল মো. মোস্তফা টেলিফোনে প্রথম আলোকে বলেন, তদন্তের অংশ হিসেবে তাঁরা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তদন্ত চলছে। তদন্ত কবে শেষ হতে পারে বা চলমান তদন্তের বিষয়ে এ মুহূর্তে কিছু বলতে চাই না।’ সদস্য-সচিব আরও বলেন, এ ঘটনায় কোর্ট অব ইনকোয়ারির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে ইতিপূর্বে কোনো কোনো পত্রিকায় খবর প্রকাশ হয়েছে, যা সঠিক নয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সাংসদ তাপসের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত নভেম্বরে পাঁচ সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়া হয়। তাঁরা হলেন: মেজর হেলাল, ক্যাপ্টেন রেজা (রেজাউল করিম), ক্যাপ্টেন রাজীব, ক্যাপ্টেন ফুয়াদ ও ক্যাপ্টেন সুবায়েল ইবনে রফিক। জিজ্ঞাসাবাদে তাঁদের মধ্যে একজন এ বোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ ঘটনায় গত নভেম্বরে ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদার নেতৃত্বে গঠিত কোর্ট অব ইনকোয়ারির তদন্ত শুরু করে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেনা আইনে বিচার (কোর্ট মার্শাল) করা হবে।গত বছর ২১ অক্টোবর সন্ধ্যায় মতিঝিলে বাংলার বাণী ভবনের নিচে পেতে রাখা দূরনিয়ন্ত্রিত (রিমোট কন্ট্রোলড) বোমার বিস্ফোরণে ১৩ জন আহত হন। তাপস ওই ভবনে অবস্থিত তাঁর ব্যক্তিগত ল চেম্বার থেকে নেমে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়। তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি প্রাণে বেঁচে যান।