সেনা নয়, গণ-অভ্যুত্থানেই সরকার পতনের আহ্বান ফখরুলের
কোনো সেনা-অভ্যুত্থানের মধ্য দিয়ে নয়, গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে হটানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান।সম্মিলিত পেশাজীবী পরিষদ ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তত্কালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা করে একদলীয় শাসনব্যবস্থার প্রবর্তন করে। বিএনপিসহ সমমনা দলগুলো এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।মির্জা ফখরুল সাম্প্রতিক ব্যর্থ সেনা-অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দেন। তিনি বলেন, ‘একদলীয় বাকশালের মতো এবার সরকার ভিন্ন কায়দায় দেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলেছে। সরকারকে বিদায় করতে এখন তরুণসহ সবাইকে জেগে উঠতে হবে। কোনো সেনা-অভ্যুত্থান নয়, গণ-অভ্যুত্থানেই এই স্বৈরাচার সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।’এ লক্ষ্যে ২৯ জানুয়ারি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে গণমিছিলে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।গত বৃহস্পতিবার সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্মান্ধ কিছু অবসরপ্রাপ্ত ও কর্মরত সেনাসদস্যের সরকার উত্খাতের পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ওই সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, বাংলাদেশে ভিন্ন পথে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়ে গেছে।এর জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী, অন্য কোনোভাবে নয়। তিনি বলেন, ১৯৭২-৭৫ সালের পরিস্থিতির সঙ্গে দেশের বর্তমান অবস্থার কোনো অমিল নেই। অর্থনীতি সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। সরকার অতিরিক্ত ঋণ নেওয়ায় ব্যাংকগুলো দেউলিয়া হতে চলেছে।পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, খলিলুর রহমান, সিরাজউদ্দিন আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।