সেনা প্রশিক্ষণে ‘সোর্ড অব অনার’ পেলেন এক ভারতীয় নারী
ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সেনা প্রশিক্ষণের সর্বোচ্চ প্রশংসাসূচক পুরস্কার ‘সোর্ড অব অনারে’ ভূষিত হয়েছেন। গতকাল রোববার চেন্নাইয়ে অবস্থিত সেনা কর্মকর্তা প্রশিক্ষণ একাডেমিতে (ওটিএ) অনুষ্ঠিত শিক্ষা সমাপনী কুচকাওয়াজে দিব্যা অজিত কুমার নামের ২১ বছর বয়সী এই নারী ক্যাডেটের হাতে সোর্ড অব অনার তুলে দেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল ভি কে সিং। খবর বিবিসি অনলাইনের।দিব্যা দুই বছরের কঠোর প্রশিক্ষণে তাঁর ব্যাচের ২৩০ জন ক্যাডেটের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করে এই অনন্য গৌরব অর্জন করেন। ২৩০ জন ক্যাডেটের মধ্যে দিব্যাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে ৭০ জন নারী ক্যাডেটের সঙ্গে। বাকি ক্যাডেটের সবাই ছিলেন পুরুষ। সোর্ড অব অনারের পাশাপাশি দিব্যাকে সেনাবাহিনীর কর্মকর্তা পর্যায়ের সবচেয়ে প্রাথমিক পদ লেফটেন্যান্টের ব্যাজ পরিয়ে দেওয়া হয়।দিব্যার এই অনন্য সাফল্যের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সেনা কর্মকর্তা প্রশিক্ষণ একাডেমির মুখপাত্র মেজর আর কে চৌধুরী বলেন, দিব্যা অজিত কুমার সর্বোচ্চ নম্বর পেয়ে ছেলে ও মেয়ে উভয়ের মধ্যে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন।অন্য যেকোনো দেশের সেনাবাহিনীর মতোই ভারতীয় সেনা কর্মকর্তা প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ভারতীয় ক্যাডেটদের এই একাডেমিতে মোট ২৫টি বিষয়ের ওপর পড়াশোনা ও প্রশিক্ষণ নিতে হয়। এগুলোর মধ্যে রয়েছে, বিষয়ভিত্তিক পড়াশোনা, অস্ত্র প্রশিক্ষণ, সহ্যশক্তির প্রশিক্ষণ, প্রতিকূল পরিবেশে টিকে থাকার প্রশিক্ষণ থেকে শুরু করে আরও অনেক কিছু। এসব কষ্টকর প্রশিক্ষণে দিব্যা সবার চেয়ে সেরা নৈপুণ্য প্রদর্শন ও সক্ষমতার পরিচয় দিয়েই এই অনন্য গৌরবের অধিকারী হয়েছেন।১৯৯২ সালে ভারতীয় সেনাবাহিনীতে নারী ক্যাডেটদের নিয়োগ দেওয়া শুরু হয়। এর আগে সেনাবাহিনীতে নারীদের স্থায়ীভাবে কমিশন দেওয়া হতো না। কিন্তু উচ্চআদালতের এক নির্দেশে পুরুষ ক্যাডেটদের মতো নারীদেরও একই ধরনের প্রশিক্ষণ ও স্থায়ী কমিশনের ব্যবস্থা করা হয়।