সেনা মোতায়েন না হলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারের: বিএনপি
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় নির্বাচনে উদ্ভূত পরিস্থিতির দায় সরকার ও নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সভাপতি হারুন আল রশিদ আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।বিএনপির এই নেতা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সব জায়গায় আজ ধানের শীষের জয়, কিন্তু চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে ভোট কারচুপি করে বর্তমান সরকার নির্বাচনে জিততে চায়। এ কারণে নির্বাচন কমিশনার সেনা মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে। নির্বাচনে নিজেদের ভরাডুবি জেনে সেনা মোতায়েন করা হচ্ছে না। জনগণের ভোট ছিনতাই করা হলে সরকারের পরিণতি ভালো হবে না। নির্বাচনে কারচুপি হলে খালেদা জিয়া কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।সেনা মোতায়েন করা না হলে নির্বাচন থেকে সরে আসবেন কি না, এমন প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ‘সেনা মোতায়েন না হলেও আমরা নির্বাচন করব। কিন্তু আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হলে তার পরিণতি ভালো হবে না। কাজেই সরকার ও নির্বাচন কমিশনের জন্য এটি কঠিন পরীক্ষা।’সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ওসমান ফারুক, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরীসহ জেলা বিএনপির নেতারা।