সেনা মোতায়েন না হলে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মন্তব্য করেছেন, নির্বাচন কমিশন নিজেদের জন্যই যদি সাংবিধানিক অধিকার রক্ষা করতে না পারে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত।আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার এ দাবি জানান। এ সময় দলের আরেক সদস্য নজরুল ইসলাম খান সেখানে উপস্থিত ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের কথা থাকলেও তা করা হবে না, এমন খবরের ভিত্তিতে আজ সকালে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করে। এ সময় কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সেনা মোতায়েন করা হবে না, এমন কোনো কথা এখনো বলা হয়নি। বরং সেনাসদস্য চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।এর পরিপ্রেক্ষিতে বিএনপি দুপুরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে এম কে আনোয়ার বলেন, সংবিধানের ১২০ ও ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন যা চাইবে, তা পাওয়া তাদের অধিকার। আর তারা যদি তা রক্ষা করতে না পারে, তাহলে জনগণের কাছে দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত। তবে বিএনপি ওই দুই নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের ব্যাপারে এখনো আশাবাদী। তিনি বলেন, শাসক দল সেনা মোতায়েন চাচ্ছে না, কারণ তারা কারচুপি করে জিততে চায়। একই সঙ্গে তিনি মনে করেন, সরকার নিজ দলের প্রার্থীদের উপনির্বাচনে বিজয়ী করতে প্রভাব বিস্তার করতে পারে। তবে সরকারের সেই ষড়যন্ত্রের সঙ্গে নির্বাচন কমিশনের এক হওয়া উচিত নয়।আজ সংসদে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, সংসদে গিয়ে কোনো লাভ নেই। তাহলে পদত্যাগ করছেন না কেন, জানতে চাইলে বলেন, সময় হলেই করা হবে।নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সেনা মোতায়েন করা হবে না, এ খবরের পরই ওই দুই উপনির্বাচনী এলাকার হোটেলগুলোয় বহিরাগত ব্যক্তিরা আশ্রয় নিয়েছে, আর আওয়ামী লীগ আনন্দ প্রকাশ করছে।