সেনা মোতায়েনে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে রিট
নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়নে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রিট আবেদনটি আদালতে তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয় গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ নিয়মিত বেঞ্চে বিষয়টি তুলে ধরার পরামর্শ দেন। রিট আবেদনকারীদের আইনজীবী সোয়েব উদ্দিন খান প্রথম আলো অনলাইনকে বলেন, আজ নির্বাচন তাই আদালত এ বিষয়ে হস্তক্ষেপ না করে নিয়মিত বেঞ্চে দাখিলের পরামর্শ দিয়েছেন। অবকাশ শেষে আবেদনটি নিয়মিত বেঞ্চে দাখিল করা হবে বলেও তিনি জানান।দুই আইনজীবী রেদোয়ান আহমেদ ও রেদোয়ান ই খোদা এবং আইন শিক্ষার্থী জাবেদ ইসলাম আজ এই রিট আবেদনটি করেন।রিট আবেদনে সেনা মোতায়েনে সরকারের নীরব থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, এ মর্মে রুল জারির আরজি জানানো হয়। পাশাপাশি সংবিধান সমুন্নত রাখার জন্য ভবিষ্যতে নির্বাচন কমিশনকে সহযোগিতার নিশ্চয়তা দেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে দাবি করা হয়, সেনা মোতায়েনে সরকারের নিষ্ক্রিয়তা সংবিধানের ১২৬, ১২০ ও সংশ্লিষ্ট বিধিমালার ৩(২)-এর লঙ্ঘন। রিটে স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, নির্বাচন কমিশনসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।