সেনা মোতায়েনের দাবি বিএনপির, কমিশনের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনে উপনির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। তবে নির্বাচন কমিশন বলেছে, সেনা মোতায়েনের প্রয়োজন নেই। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত্ করে এ দাবি করে। এর আগেও তিনবার কমিশনের কাছে সেনা মোতায়েনের দাবি জানিয়ে বৈঠক করেছে বিএনপি। দুই সদস্যের বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। অপর সদস্য হলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৈঠক শেষে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ভোলা-৩ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ভোলা-৩ আসনে বিএনপির নির্বাচন সমন্বয়কারী নাজিম উদ্দিন আলমের ওপর হামলা হয়েছে। দলীয় প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের গাড়িতে হামলা হয়েছে। এ অবস্থায় সেখানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের নেতৃত্বাধীন সেনাবাহিনীর অধীনে অনুষ্ঠিত বিগত নির্বাচন ছাড়া অন্য সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাই বিএনপি মনে করে শিগগিরই সেখানে সেনা মোতায়েন করা দরকার।নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, তাঁরা তো ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে একেক সময় একেক কথা বলছেন। সরকারের বক্তব্যেও অসংগতি আছে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, সেনা মোতায়েন করার মতো খারাপ পরিস্থিতি সেখানে হয়নি। নির্বাচনী এলাকায় ২০০ র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন। র্যাবের কর্মকাণ্ডের ওপর ভোটারদের আস্থা আছে।