সেনা মোতায়েনের পক্ষে দুই প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট না পেলেও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবেন—এমন প্রচারণা চলছে ঘাটাইলে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের কর্মীরাই এই প্রচার চালাচ্ছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।এই উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান ও জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ (তুহিন আবদুল্লাহ)। সেনা মোতায়েনে অনাপত্তি জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীও।ঘাটাইল উপজেলার গ্রামে গ্রামে গিয়ে গত দুই দিনে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী জিতবেন—এমন প্রচারণায় আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙা হলেও বিদ্রোহী প্রার্থী আমানুরের কর্মী-সমর্থকদের মনোবল কমছে।শহিদুল ইসলাম দাবি করেন, এই প্রচারণা সত্য নয়। তিনি বলেন, এই প্রচারণার মাধ্যমে প্রশাসনকে বিতর্কিত করার চেষ্টা শুরু হয়েছে। আমানুরের সন্ত্রাসী বাহিনীর কাউকে কাউকে গ্রেপ্তারের ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। এখন আর ঘোলা পানিতে মাছ শিকার করা সম্ভব নয় বলেই এজাতীয় অপপ্রচার শুরু হয়েছে।সেনা মোতায়েনের দাবি: আমানুর রহমান খান (আনারস প্রতীক) এজাতীয় প্রচারণা বন্ধ করতে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য পুলিশ ও র‌্যাবের প্রতি আবেদন জানিয়েছেন। গতকাল সোমবার টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই আবেদন জানান। একই সঙ্গে তিনি এ দুটি বাহিনীর প্রতি অনাস্থা প্রকাশ করে উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। তিনি বলেন, র‌্যাব ও পুলিশ আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে দলীয় কর্মী বাহিনীর ভূমিকা পালন করতে শুরু করেছে।বক্তব্যের সমর্থনে আমানুর তাঁর নির্বাচনের সমন্বয়কারী, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ সাতজনকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, মাসুদ অত্যন্ত ভদ্র-সজ্জন রাজনৈতিক নেতা। তাঁর নামে কোথাও মামলা নেই, এলাকাবাসীরও অভিযোগ নেই। অথচ তাঁকেই অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়েছে।বহিরাগত প্রতিরোধের দাবি আওয়ামী লীগের প্রার্থীর: মাসুদ সম্পর্কে আমানুরের দাবিকে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল বলেন, মাসুদের মতো চিহ্নিত অপরাধীকে নিয়ে এজাতীয় কথাবার্তার কোনো অর্থই হয় না। তিনি আইন প্রয়োগকারীদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বলেন, এখনো প্রতি রাতে বহিরাগতরা ঘাটাইলে প্রবেশ করছে। আসছে অস্ত্র, গোলাবারুদ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল। শহিদুল সেনা মোতায়েনের বিষয়ে তাঁর অনাপত্তি জানিয়ে বলেন, নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করবে।তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, একটা আসনের নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দরকারটা কী? নির্বাচনী বৈতরণী পার হওয়া অসম্ভব মনে হলেই এজাতীয় কথা বলেন প্রার্থীরা।সেনা মোতায়েনের পক্ষে জাতীয় পার্টির প্রার্থী: সেনা মোতায়েন প্রয়োজন বলে মনে করেন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ। তিনি বলেন, বহিরাগতরা আনারসের পক্ষে যেমন আসছে, তেমনি আসছে নৌকার পক্ষেও। আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য ও কর্মকাণ্ডে ভোটারদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার অবসানের জন্য এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনা মোতায়েন জরুরি।চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র: নির্বাচন কমিশন এ আসনের ৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৭টিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুপারিশের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে তিন ভাগে করা হয়েছে। বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।আওয়ামী লীগদলীয় সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদের এ আসনটি শূন্য হয়। ১৮ নভেম্বর এই উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে।