সেনা মোতায়েনের সময় এখনো আছে: নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, নারায়ণগঞ্জে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার নির্বাচন থেকে সরে যাবেন না। তিনি বলেন, এখনো সময় আছে নির্বাচন কমিশন সেখানে সেনা মোতায়েন করতে পারে।আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নারায়ণগঞ্জে সরকারের অসহযোগিতা এটাই প্রমাণ করে।আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতা নোমান বলেন, নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়। নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রমাণ করবে যে দলীয় সরকার নিজেদের স্বার্থে জয়ের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে না। তিনি বলেন, বিএনপি প্রমাণ করবে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয়। সংবাদ সম্মেলনে বিএনপির নেতা আমানুল্লাহ আমান, রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।