সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা তালেবানদের সংগঠিত করবে: মার্কিন জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের প্রধান জেনারেল জেমস কনওয়ে হুঁশিয়ার করে দিয়েছেন, প্রেসিডেন্ট ওবামার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বেঁধে দেওয়া সময়সীমা জঙ্গি তালেবানদের নতুন নতুন সন্ত্রাসী হামলা সংঘটনে কেবল উৎসাহই জোগাবে।কনওয়ে আরও বলেছেন, ‘সেনা প্রত্যাহারের সময়সীমা বা এ রকম কিছু আমাদের শত্রু তালেবানদের শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।’জেনারেল কনওয়ে আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবিরোধী যুদ্ধে পরিপূর্ণ সাফল্য পাওয়ার জন্য দেশটিতে আরও কয়েক বছর মার্কিন সেনা মোতায়েনের ওপর গুরুত্বারোপ করেন।এদিকে বিশ্লেষকেরা মনে করছেন, জেনারেল কনওয়ের এ বক্তব্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নিয়ে আসা, না আসা নিয়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে জেনারেল কনওয়ের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ওবামা প্রশাসনের কর্তারা নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনায় বলেছেন, কনওয়ের কথায় কান দেওয়ার কোনো মানে হয় না। এ লোকটি কখনোই নিজের মেরিন সেনার বৈশিষ্ট্য থেকে বেরিয়ে আসতে পারেননি। তা ছাড়া কনওয়ের অবসরে যাওয়ার দিনক্ষণও ঘনিয়ে আসছে।—বিবিসি অনলাইন