সেনাকুঞ্জে কথা হলো না দুই নেত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও দুই প্রধান রাজনৈতিক দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মধ্যে কোনো কথা হয়নি।আজ বুধবার বিকেল চারটার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া সেনাকুঞ্জে তাঁর নির্দিষ্ট আসনে বসেন। এর পাঁচ থেকে ছয় মিনিট পর সেনাকুঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া ৪৫ মিনিট সেখানে ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে পৌঁছানোর পরই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি মঞ্চ থেকে নেমে আসেন। এর পরই খালেদা জিয়া হেঁটে হেঁটে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। খালেদা জিয়া সেনাকুঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বের হয়ে যান। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাশাপাশি দেশের রাজনীতিক, বিচারপতি, কূটনীতিক ও ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারা যোগ দেন। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বরাবর এই অনুষ্ঠানে যোগ দিয়ে এলেও গত দুই বছর (২০১০ ও ২০১১) সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেননি খালেদা জিয়া। সর্বশেষ ২০০৯ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন তিনি।