রাজধানীতে নাগরিক সমাবেশে বক্তারা
সেনাক্যাম্পই যদি সমাধান হতো পাশের আদিবাসী-ঘর পুড়ত না
পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের কারণে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়নি। তা যদি হতো, তাহলে সেনাক্যাম্পের এত কাছে আদিবাসীদের ঘর পুড়ত না। পাহাড়বিষয়ক যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে জনগণের সামনে ওই প্রতিবেদন হাজির করুন।রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বৃহস্পতিবার নাগরিক সমাজ আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘটিত ঘটনার প্রতিবাদে এ সমাবেশ হয়।কারফিউ জারির পরও খাগড়াছড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিস্ময় প্রকাশ করে সমাবেশে বক্তারা বলেন, প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃপ্রতিষ্ঠার কথা বলার আগে সরকারকে পরিস্থিতি বিবেচনা করা উচিত। তাঁরা মনে করেন, আদিবাসীদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া ও গণগ্রেপ্তারের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কঠিন হবে।সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, পাহাড়ে অসন্তোষের মূল কারণ ভূমিবিরোধ সমস্যা সমাধানে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। তিনি আদিবাসীদের মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ঘোষণার সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, কারফিউ দিয়ে গ্রেপ্তার করা বন্ধ করতে হবে।আওয়ামী লীগের সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, এ দেশের শেকড়ের সঙ্গে আদিবাসীদের সম্পর্ক। রাষ্ট্রযন্ত্রের ভেতর সরকারবিরোধী যে অংশ রয়েছে, তাদের অপচেষ্টা ও ষড়যন্ত্রের ফলে এ ধরনের সংঘর্ষ বেধেছে।চাকমা রাজা দেবাশীষ রায় হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ আক্রমণ জাতির নিরাপত্তা ও গণতন্ত্রের ওপর হামলা। সরকার শক্ত হাতে মোকাবিলা না করলে শান্তির পথ বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, ‘আমরা শান্তি চাই, তবে তা গণতান্ত্রিক উপায়ে হতে হবে।’সমাবেশের শুরুতে নাগরিক সমাজ রাঙামাটি ও খাগড়াছড়িতে আদিবাসীদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ছয় দফা দাবি তুলে ধরে। এসব দাবির মধ্যে রয়েছে সংসদীয় কমিটি গঠনের মাধ্যমে ঘটনার তদন্ত করে জনগণের সামনে ওই প্রতিবেদন হাজির করা, বাঙালিদের বাঘাইহাট থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা, আদিবাসীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন করা।সমাবেশে সভাপতিত্ব করেন বিচারপতি গোলাম রাব্বানী। সংহতি জানিয়ে বক্তব্য দেন জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী প্রগতির রোকেয়া কবীর, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।মানবাধিকার কমিশনের উদ্বেগখাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষ এবং একাধিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংঘর্ষে আহত ব্যক্তিদের চিকিত্সার ব্যবস্থা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সহায়তা দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছে কমিশন।সম-অধিকার আন্দোলনের সংবাদ সম্মেলনপার্বত্য অঞ্চলের বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেছে, কিছু সশস্ত্র সন্ত্রাসীর কারণে পার্বত্য এলাকার নিরস্ত্র বাঙালি ও আদিবাসীরা অসহায় জীবন যাপন করছে। খাগড়াছড়িতে ঘর পোড়ানো ও হামলার সঙ্গে বাঙালিরা জড়িত নয়। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনকে নিষিদ্ধ করা এবং প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃপ্রতিষ্ঠাসহ নয়টি দাবি তুলে ধরা হয়।খাগড়াছড়ির বিএনপির সাবেক সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের উপদেষ্টা আবদুল ওয়াদুদ ভুঁইয়া সংবাদ সম্মেলনে দাবি করেন, ১৭ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন কয়েকজন বিদেশিসহ খাগড়াছড়িতে যায় এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে তারা গোপনে বৈঠক করে, যার প্রমাণ তাঁর কাছে আছে। তবে সাংবাদিকেরা ওই প্রমাণ দেখতে চাইলে তিনি পরে দেখাবেন বলে জানান।পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ চলছেপাহাড়ি ছাত্র পরিষদ গতকালও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিকেলে মুক্তাঙ্গন থেকে তাঁদের বিক্ষোভ মিছিল বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা পাহাড়ি ছাত্র পরিষদের লাগাতার বিক্ষোভ কর্মসূচির সঙ্গে সংহতি জানান।