সেনাঘাঁটি অভিমুখে যাত্রা করবে থাকসিন সমর্থকেরা
থাইল্যান্ডের ব্যাংককে সরকারবিরোধী হাজার হাজার বিক্ষোভকারী আজ সোমবার একটি সেনাঘাঁটি অভিমুখে যাত্রা করার জন্য জড়ো হয়েছে। পার্লামেন্ট ভেঙে দেওয়া ও নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভাকে চাপ দিতে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ‘লাল শার্ট’ সমর্থকেরা এ পদক্ষেপ নিয়েছে। রয়টার্স জানায়, থাকসিন ও তাঁর সমর্থকেরা আজ দুপুরের মধ্যেই নির্বাচনের নতুন তারিখ ঘোষণার জন্য দেশটির সরকারকে আলটিমেটাম দিয়েছে। তা না হলে সরকারকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হবে বলে তারা হুমকি দিয়েছে। বিক্ষোভকারী দল ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি এগেইনস্ট ডিক্টেটরশিপের (ইউডিডি) নেতা নাতাউত সাকুয়া বলেন, ‘আমরা নির্বাচন কখন হবে তা অভিজিতের কাছে জানতে এসেছি।’এত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করা সত্ত্বেও অভিজিত্ কীভাবে নিজেকে বৈধ বলে ভাবেন, সেটাই বিস্ময়কর বলে মন্তব্য করেন তিনি।এর আগে গত শুক্রবার বিক্ষোভ শুরু হয়। গতকাল রোববারও হাজার হাজার থাকসিন সমর্থক শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে। বিক্ষোভের কারণে ব্যাংককের বেশির ভাগ রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। উল্লেখ্য, থাকসিন সিনাওয়াত্রা ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৬ সালে থাকসিনের বিরোধী ‘হলুদ শার্ট’ সমর্থকেরা তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করে ব্যাপক বিক্ষোভ করে। এর কিছুদিন পর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাকসিন ক্ষমতাচ্যুত হন।