সেনানিবাস কোনো রাজনীতির কেন্দ্র হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। দলমত নির্বিশেষে সব নেতা-নেত্রীর কাছে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য অনুরোধও জানিয়েছেন তাঁরা।আজ বুধবার ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট-সংলগ্ন ট্রাস্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব মন্তব্য করেন।সম্মেলনে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশীদ বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকেই সশস্ত্র বাহিনীতে রাজনীতি চলছে। হাতে গোনা কয়েকজন উচ্চাভিলাষী কর্মকর্তার হীনস্বার্থ চরিতার্থের জন্য ব্যবহার করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। সেনানিবাসকে করা হয়েছে রাজনীতির কেন্দ্রবিন্দু। অনেক কর্মকর্তা ও জেসিওকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। অনেকেই চাকরিচ্যুত হয়েছেন, অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে অনেককে। সেনানিবাসে বসে রাজনৈতিক দল গঠিত হয়েছে। ইউনিফর্ম পরিহিত অবস্থায় নির্বাচন করে রাষ্ট্রপ্রধান হয়েছেন। আর তার দায়ভার আজকে বহন করতে হচ্ছে সমগ্র প্রতিষ্ঠানটিকে।’হারুন-অর-রশীদ আরও বলেন, ‘আইনকে তার আপন গতিতে চলতে দিতে হবে। সেনানিবাস কোনো রাজনীতির কেন্দ্র হতে পারে না। দলমত নির্বিশেষে সব নেতা-নেত্রীর কাছে আমাদের সনির্বন্ধ নিবেদন, অনুগ্রহপূর্বক মহান এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি অক্ষুণ্ন রাখুন।’এ সময় বিমানবাহিনীর সাবেক প্রধান জামাল উদ্দিন আহমেদ ও রফিকুল ইসলাম এমপি এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম উপস্থিত ছিলেন।