সেনানিবাসে খালেদার বাড়ির স্থাপনা অপরিবর্তিত রাখার আবেদন
শুনানি না হওয়া পর্যন্ত ঢাকা সেনানিবাসে খালেদা জিয়ার ছেড়ে দেওয়া বাড়ির স্থাপনা অপরিবর্তিত রাখতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়ে (স্থিতাবস্থা) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আজ মঙ্গলবার আবেদন করা হয়েছে। আজ দুপুরে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা আগামী ২৯ নভেম্বর এ আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। আবেদনে খালেদা জিয়াকে বাড়ির দখলস্বত্ব ফিরিয়ে দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। না হলে তাঁর অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বলে উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়, তাঁকে এক কাপড়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। তিনি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন—আইএসপিআরের এমন বক্তব্য মিথ্যা। আবেদনে তাঁকে যেন বাড়ির দখলস্বত্ব ফিরিয়ে দেওয়া হয়, সেজন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। অন্যথায় বাড়ির স্থাপনা অপসারণ না করতে স্থিতাবস্থা বজায় রাখার আরজি জানানো হয়েছে। শুনানিতে অংশ নিয়ে খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ বাড়ির দখলস্বত্ব ফিরিয়ে দিতে নির্দেশনা চান। আদালত খালেদা জিয়ার করা আদালত অবমাননার অপর মামলাটির সঙ্গে ২৯ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। এ আবেদনে প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সামরিক ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক, সামরিক ভূমি প্রশাসকসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেছিলেন, আজকের আবেদনে ওই বাড়ির ভেতর যেসব স্থাপনা আছে সেগুলো যাতে ভাঙা না হয় এবং যেমন আছে তেমন অবস্থায় রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর একই বছরের ১২ জুন শহীদ মইনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাড়ির ইজারা বাতিল করা হয়। এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিট খারিজ করে দেন এবং বাড়ি খালি করার জন্য খালেদা জিয়াকে ৩০ দিন সময় দিতে বলেন। এই ৩০ দিনের সময়সীমা গত ১২ নভেম্বর শেষ হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের আপিল আবেদনের শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি রয়েছে। গত ১৩ নভেম্বর খালেদা জিয়া বাড়ি ছাড়েন।