সেনানিবাসের জমি বাদ দিয়ে গাজীপুর সিটি করপোরেশন হবে কি না, বিতর্ক
সেনানিবাসের জমি বাদ দিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠনের অনুরোধ জানিয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড। তবে বোর্ড যেসব জমি সেনানিবাসের বলে দাবি করছে, সে বিষয়ে ভিন্নমত রয়েছে জেলা প্রশাসন ও সাংসদসহ স্থানীয় জনপ্রতিনিধিদের।ক্যান্টনমেন্ট বোর্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছে, সরকার যে সীমানা নিয়ে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে, তাতে সেনানিবাসের প্রায় এক হাজার ৮৮৮ একর জমি রয়েছে। ওই জমি সিটি করপোরেশন এলাকা থেকে বাদ দেওয়া না হলে সেনানিবাস এলাকা ও বেসামরিক জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।জানতে চাইলে স্থানীয় সরকারসচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, সামরিক এলাকা বাদ দিয়ে সিটি করপোরেশন গঠন করা হবে কি না, তা এখনো ঠিক হয়নি। তবে জেলা প্রশাসককে এ বিষয়ে পুনরায় প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব আসার পর তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।জেলা প্রশাসক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন। নতুন করে প্রস্তাব তৈরি করে শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে।১৯৭০ সালে ১৪ হাজার ৬০০ একর জমি নিয়ে গাজীপুর সেনানিবাস গঠিত। ২০০৯ সালের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই জমি থেকে বিভিন্ন মৌজার নয় হাজার ৬০০ একর জমি বাদ দিয়ে এবং ৫৮৮ একর জমি সংযুক্ত করে মোট পাঁচ হাজার ৫৮৮ একর জমি নিয়ে গাজীপুর সেনানিবাস এলাকা পুনর্গঠিত হয়েছে।গত ২৩ জানুয়ারি গাজীপুর পৌরসভা এলাকার সীমানা সম্প্রসারণ করে সেনানিবাস এলাকার চতর, চাপুলিয়া, ফাকাইল, হাতিয়াব, গাজীপুর, ভানুয়া, আড়াইশপ্রসাদ এবং চান্দনা মৌজার এক হাজার ৮৮৮ দশমিক ৩৮ একর জমি অন্তর্ভুক্ত করে স্থানীয় সরকার বিভাগ। ক্যান্টনমেন্ট বোর্ড স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছে, গাজীপুর সেনানিবাস এলাকায় দেশের একমাত্র সমরাস্ত্র কারখানা, ডিজেল প্লান্ট, সিকিউরিটি প্রিন্টিং প্রেস (টাঁকশাল), সেন্ট্রাল অ্যামুনেশন ডিপো (সিএডি), ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সমরাস্ত্র কারখানা থেকে গোলাবারুদ সরবরাহের রাস্তার বেশ কিছু অংশ সম্প্রসারিত পৌর এলাকার মধ্যে পড়েছে। এতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, গাজীপুর সেনানিবাস প্রতিষ্ঠার গেজেটের ভিত্তিতে চতর, ফাওকাল, ভানুয়া, চাপুলিয়া, হাতিয়াব ও গাজীপুর ১৯৭০ সালের গেজেটে সেনানিবাসের জন্য প্রস্তাবিত হিসেবে ছিল। বর্তমানে রাজেন্দ্রপুর সেনানিবাস ও সমরাস্ত্র কারখানার ভূমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি অংশ প্রস্তাবিত গাজীপুর সেনানিবাসের ‘চ্যাপ্টার্ড’ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা ও সাংসদ ওই এলাকাকে পৌর এলাকায় অন্তর্ভুক্ত করার জন্য মতামত দিয়েছেন।গাজীপুরের সাংসদ আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ক্যান্টনমেন্ট বোর্ডের আপত্তি যৌক্তিক নয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই ওই এলাকাকে সিটি করপোরেশনের আওতায় আনা হচ্ছে। সরকার যদি ওই এলাকা বাদ দিয়ে সিটি করপোরেশন গঠন করে, তাহলে গাজীপুরের মানুষ ক্ষুব্ধ হবে, আন্দোলনে নামবে।সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ বিষয়ে এক বৈঠকে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আনিছুর রহমান বলেন, ক্যান্টনমেন্ট বোর্ডের আপত্তি সংগতিপূর্ণ কি না, তা বিবেচনার প্রয়োজন আছে। ঢাকা সেনানিবাস এলাকা অনেক জনবসতির মধ্যে অবস্থিত। কিন্তু সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে না।বৈঠকে সেনাসদরের পক্ষে লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেন, ঢাকা সেনানিবাস এলাকা এবং সমরাস্ত্র কারখানা ও সেন্ট্রাল অ্যামুনেশন ডিপোর নিরাপত্তায় ব্যাপক ভিন্নতা রয়েছে। সমরাস্ত্র কারখানায় উৎপাদিত ও সংরক্ষিত বিস্ফোরক থেকে অনাকাঙ্ক্ষিত যেকোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি। এ ছাড়া গোলাবারুদ নিষ্ক্রিয় করার বিস্ফোরণ, ভারী কামান প্রশিক্ষণের সময়কার কম্পনের ফলে আশপাশের ঘরবাড়ির ক্ষতি হবে।